শ্রীমঙ্গলে ২ লাখ টাকার ভারতীয় শ্যাম্পুসহ যুবক গ্রেপ্তার

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ০২:০৫ পিএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২৮৮ পিস ভারতীয় শ্যাম্পুর বোতল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আব্দুল মতিন রিপন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) রাতে শ্রীমঙ্গল উপজেলার ৬ নম্বর আশিদ্রোন ইউনিয়নের তপশীপাড়া এলাকায় আব্দুল মতিন রিপনের বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব শ্যাম্পু উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুল মতিন রিপন তপশীপাড়া এলাকার মৃত আলীম উদ্দিনের ছেলে।

উদ্ধারকৃত শ্যাম্পুর প্রতিটি বোতলে ২৫০ মিলিলিটার পরিমাণের 'WishCare Multi-Peptide Anti Hairfall Shampoo' লেখা রয়েছে। ১২টি কার্টনে ২৪টি করে মোট ২৮৮ পিস শ্যাম্পু পাওয়া যায়। যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ১৬ হাজার টাকা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) সজীব চৌধুরীর নেতৃত্বে পুলিশ উপজেলার ৬ নম্বর আশিদ্রোন ইউনিয়নের তপশীপাড়া এলাকায় আব্দুল মতিন রিপনের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার বসতঘরের লাকড়ি রাখার কক্ষ থেকে শ্যাম্পুগুলো উদ্ধার করা হয়। এ সময় উদ্ধারকৃত পণ্যের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অজ্ঞাতনামা ২-৩ জনের সহযোগিতায় চোরাচালানের মাধ্যমে এসব পণ্য ভারত থেকে বাংলাদেশে আনার কথা জানান।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামি ও অজ্ঞাতনামা ২-৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত