অর্থমন্ত্রীর কাছে বিএসইসি পুনর্গঠনের দাবি

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩১ এএম

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুনর্গঠনের দাবি জানিয়েছে বিনিয়োগকারীদের সংগঠন বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন (বিসিএমআইএ)। সংগঠনটি মনে করে, পুঁজিবাজারের ওপর বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে কমিশনের পুনর্গঠনের বিকল্প নেই।

গত ২২ ফেব্রুয়ারি সংগঠনটির সভাপতি এসএম ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মানিক স্বাক্ষরি এ-সংক্রান্ত চিঠি নবনির্বাচিত সরকারের অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর কাছে পাঠানো হয়েছে। গতকাল সোমবার বিষয়টি জানা গেছে।

অর্থমন্ত্রীকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, নির্বাচনী প্রতিশ্রুতিতে পুঁজিবাজার উন্নয়নের বিষয়টি গুরুত্ব পাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। এর প্রতিফলন দেখা যায়, নির্বাচন-পরবর্তী প্রথম কর্মদিবসে, যখন ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক উল্লেখযোগ্য উত্থান ঘটায় এবং লেনদেনের পরিমাণও সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। তবে চিঠিতে অভিযোগ করা হয়েছে, বর্তমান কমিশনের নেতৃত্বে বাজারে প্রত্যাশিত স্থিতিশীলতা ও আস্থা তৈরি হয়নি। সংগঠনটির মতে, ২০২৪ সালের পর গঠিত কমিশনের কর্মকা-ে বাজারে আস্থার সংকট আরও গভীর হয়েছে এবং বিনিয়োগকারীদের স্বার্থ যথাযথভাবে সুরক্ষিত হয়নি। বিসিএমআইএ দাবি করেছে, পুঁজিবাজারকে শক্তিশালী করতে হলে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে পুনর্গঠন করে সেখানে যোগ্য, অভিজ্ঞ ও সৎ ব্যক্তিদের নিয়োগ দিতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত