শ্রীলঙ্কার বিপক্ষে ৫১ রানের জয় দিয়ে সুপার এইট শুরু করা ইংল্যান্ডের জন্য আজ মঙ্গলবারের ম্যাচটা গুরুত্বপূর্ণ, তবে জীবন-মরণ সমস্যা নয়। পাকিস্তানের জন্য সেটিই টিকে থাকার লড়াই। বৃষ্টিতে কুড়িয়ে পাওয়া ১ পয়েন্ট পাকিস্তানকে ভাসাতেও পারে, ডোবাতেও পারে। আইসিসির র্যাংকিং আর টি-টোয়েন্টি বিশ্বকাপে ফর্ম বিবেচনা করলে নিউজিল্যান্ডের সঙ্গে পাকিস্তানের পেরে ওঠাটাই ছিল কঠিন। শূন্যের বদলে ১টা পয়েন্ট পাওয়াতে তাই খুব একটা ক্ষতি হয়নি পাকিস্তানের। তবে আজ ইংল্যান্ডকে হারিয়ে দিতে পারলে, এই একটা পয়েন্টই হয়ে যেতে পারে পাকিস্তানের রক্ষাকবচ।
প্রতিপক্ষ ইংল্যান্ড আর খেলাটি টি-টোয়েন্টি হলে পাকিস্তানের পক্ষে পরিসংখ্যানের করুণ দশা। ৩১ ম্যাচে পাকিস্তান হেরেছে ২০ ম্যাচে, জিতেছে মাত্র ৯টি। একটি টাই, একটি পরিত্যক্ত। টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের সবশেষ জয় চার বছর আগে, ২০২২ সালে। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে তিনবার, জিততে পারেনি একবারও। টি-২০ র্যাংকিংয়ে ইংল্যান্ড দ্বিতীয়, পাকিস্তান ষষ্ঠ। সংখ্যায় এই যখন ব্যবধান, তখন সাহিবজাদা ফারহান বলেছেন, অতীত নিয়ে ভাবনা নেই দলে, ‘আপনি যেভাবে বললেন যে, আমরা জিতিনি, তবে আমাদের সব ছেলেদের মনোবল এখন তুঙ্গে। আমরা পুরোপুরি আত্মবিশ্বাসী। আর আপনি জানেন যে, এটা টি-টোয়েন্টি খেলা। এই ফরম্যাটে আপনি নিশ্চিত করে কিছু বলতে পারেন না; যেমনটা গত রাতের ম্যাচে দেখলেন, আপনি বলতে পারবেন না যে, ওরাই ম্যাচটা জিতেছে। আমাদের মনোবল অনেক দৃঢ়। আর আমাদের সব ব্যাটসম্যান এখানে ভালো পারফর্ম করেছে। তাই আমরা ওদের ছেড়ে কথা বলব না, বেশ কঠিন টক্কর দেব।’ এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত পাকিস্তান একটিই বড় দলের মুখোমুখি হয়েছে, সেটা ভারত এবং ভারতের বিপক্ষে পাকিস্তান হেরেছে শোচনীয়ভাবে। ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটসম্যানদের নিয়ে কতটা আত্মবিশ্বাসী এই উদ্বোধনী ব্যাটসম্যান? এমন প্রশ্নের জবাবে বলেছেন, ‘হ্যাঁ, আপনি যেমনটা বললেন, আমাদের ব্যাটিং ধসে পড়েছে, সেটা একদম সত্যি। আমাদের বোলাররা ভালো করছে, স্পিনাররাও বেশ ভালো করছে, কিন্তু আমাদের ব্যাটিং নিয়ে ভাবতে হবে। টি-টোয়েন্টিতে আপনি যদি প্রথম সারির তিন-চারজন ব্যাটসম্যানের দিকে তাকান, তবে তাদের খেলাটা টেনে নিয়ে যাওয়া উচিত। আপনি ঠিকই বলেছেন, আমরা সেটা পারছি না, আমাদের ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ছে। তবে ইনশাআল্লাহ, ছেলেরা কঠোর পরিশ্রম করছে এবং ম্যাচের জন্য পুরোপুরি মনোযোগী। ইনশাআল্লাহ, আপনারা সেটা (মাঠে) দেখতে পাবেন।’
পাকিস্তানের বিপক্ষে ম্যাচ আর উসমান তারিক প্রসঙ্গ সংবাদ সম্মেলনে আসবে না, এমনটা যেন হতেই পারে না! ইংল্যান্ডের অলরাউন্ডার লিয়াম ডসনকেও এই নিয়ে জবাব দিতে হলো, ‘(উসমান তারিককে নিয়ে ভাবনা) না, এখনই নয়। অবশ্য আমাদের মনোযোগ পুরোপুরি শ্রীলঙ্কা ম্যাচ নিয়েই ছিল। অবশ্যই ওরা অনেক ভালো একটা দল, কিছু বিপজ্জনক খেলোয়াড়ও আছে ওদের। আর তারিক তো অবশ্যই একজন চমৎকার বোলার। তাই আমি নিশ্চিত, ছেলেরা আগামীকাল ওদের নিয়ে ভালোভাবে প্রস্তুতি সেরে নেবে।’ পাল্লেকেলেতে শ্রীলঙ্কাকে দ্বিপক্ষীয় সিরিজে ৩-০-তে হোয়াইটওয়াশ করার পর বিশ্বকাপেও হারিয়েছে ইংল্যান্ড, সেই একই ভেন্যুতে এবার সামনে পাকিস্তান। জিতলে ইংল্যান্ডের সেমিফাইনাল নিশ্চিত, সেই সঙ্গে পাকিস্তানেরও বিদায়।
