ভোলার তজুমদ্দিনে কীর্তন শুনে বাড়ি ফেরার পথে এক প্রতিবন্ধী নারী (২৬) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। গত বরিবার রাতভর ধর্ষণের পর এক বাগানে ফেলে যায় ধর্ষকরা। গতকাল সোমবার সকালে পার্শ্ববর্তী দাসপাড়া নেপাল কবিরাজের বাড়ির সামনে থেকে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও নির্যাতিতার পরিবার জানিয়েছে, স্বামী পরিত্যক্তা ওই নারী কিছুটা মানসিক প্রতিবন্ধী। রবিবার রাতে তজুমদ্দিন উপজেলার আড়ালিয়া গ্রামের অনিল সাধুর আশ্রমে কীর্তন শুনতে যান ভুক্তভোগী। সেখান থেকে ফেরার পথে তিন যুবক তাকে তুলে নিয়ে রাতভর ধর্ষণ করে। মোটরসাইকেল চালক রাকিব, রাসেল ও শাকিল নামের তিন যুবককে অভিযুক্ত করা হলেও তাদের পুরো পরিচয় জানা যায়নি।