শেখ রেহানার স্বামী ড. শফিক আহমেদ সিদ্দিকের আয়কর সংক্রান্ত নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের সহকারী পরিচালক ইসমাইল হোসেন আদালতে আবেদনটি দাখিল করেন।
আবেদনে উল্লেখ করা হয়, জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণভাবে প্রায় ৮ কোটি ৬৫ লাখ ৪১ হাজার ৬০ টাকার সম্পদ অর্জন ও ভোগদখলের অভিযোগে ড. শফিক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে ইতোমধ্যে দুর্নীতির মামলা রুজু করা হয়েছে। বর্তমানে মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
তদন্ত স্বার্থে ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে আসামির আয় ও ব্যয়ের হিসাব যাচাই করা অত্যন্ত জরুরি। একইসঙ্গে তার নামে বা মালিকানায় অন্য কোনো অজ্ঞাত সম্পদ রয়েছে কি না, তা খতিয়ে দেখা দরকার। তাই ড. শফিক আহমেদ সিদ্দিকের ২০১৩-১৪ করবর্ষ থেকে শুরু করে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত আয়কর নথি জব্দ করে পর্যালোচনার জন্য আদালতের অনুমতি চেয়ে আবেদন করেন দুদকের এই কর্মকর্তা।
আদালত আবেদনের যুক্তি গ্রহণ করে উল্লিখিত করবর্ষগুলোর আয়কর নথি জব্দের নির্দেশ দেন।
