সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আইনজীবী কারাগারে

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ পিএম

ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য আবুল বাশারকে রাজধানীর পল্লবীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ঘটনায় করা মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম উভয় পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আবুল বাশারের পক্ষে আওয়ামীপন্থী অর্ধশত আইনজীবী আদালতের এজলাসে উপস্থিত ছিলেন। তবে ওকালতনামায় নাম থাকা আইনজীবীদের ছাড়া অন্যদের এজলাস থেকে বের করে দেওয়া হয়। পরে আওয়ামীপন্থী সব আইনজীবী এজলাস ত্যাগ করেন।

কাঠগড়ায় থাকা আবুল বাশার নিজেই জামিনের শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা আদালতের প্রধান কৌঁসুলি ওমর ফারুক ফারুকীসহ ১০ জন আইনজীবী জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে পল্লবীর ১২ নম্বর সেকশন এলাকা থেকে অ্যাডভোকেট আবুল বাশারকে আটক করে পুলিশ।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৩১ জুলাই সকাল সাড়ে ৬টার দিকে পল্লবীর মেট্রোরেল এলাকায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল করেন। তাঁরা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রসহ অপপ্রচার করে মিছিল করছিলেন। পুলিশ সেখানে গিয়ে কয়েকজনকে আটক করে। ওই দিন পল্লবী থানার এসআই সোহান মোল্লা সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত