বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে বলেছেন, সাংবাদিক বা রাজনীতিবিদদের কোনো তদবির গ্রহণ করবেন না। এমন তদবির গ্রহণ করলে আপনারাও অপরাধী হবেন। জনপ্রতিনিধি হিসেবে আমরা নজর রাখব-কিছু না বললেও সংসদে বলব। মঙ্গলবার (২৪ফেব্রুয়ারি) দুপুরে কেরানীগঞ্জ উপজেলা মিলনায়তনে উপজেলার কর্মকর্তা ও কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় শেখ হাসিনার সমালোচনা করে তিনি বলেন, শেখ হাসিনা সিঙ্গাপুর বানানোর স্বপ্ন দেখিয়েছিলেন। কিন্তু বাস্তবে দেশকে আজিমপুর বানানো হয়েছে। স্বপ্ন দেখালে তার বাস্তবায়নও করতে হয়।
এ সময় শিক্ষার মান নিয়ে তিনি বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থার গুণগত পরিবর্তন প্রয়োজন। দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে। অনেক স্কুলশিক্ষক নিজের সন্তানকে নিজে পড়ান না-এতে শিক্ষার মান নিয়ে প্রশ্ন থেকেই যায়।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, শুভাঢ্যা খালের অস্তিত্বই আজ নেই। এই খালে এক সময় আমরা গোসল করতাম, এখন তো সেখানে হাত ভিজালে হাট ও পচে যাবে। দক্ষিণ এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর তুলনায় বাংলাদেশ অনেক পিছিয়ে পড়ছে বলেও মন্তব্য করেন তিনি।
আওয়ামী সরকারের আমলে হাসপাতাল থানা ফাড়ি মাদকের আশ্রয়স্থলে পরিনিত হয়েছে বলে তিনি দাবি করেন। এমনকি জেলখানায়ও মাদক পাওয়া যায় বলে জানান তিনি। মাদক বাজারজাতকারী চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, স্বাধীনতার পর থেকে আমরা সুষ্ঠু শাসনব্যবস্থা পাইনি। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের ছাত্র। পরিবর্তনের শুরুটা এখনই করতে হবে।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উমর ফারুকের সভাপত্বিতে সভায় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, দক্ষিণ কেরানীগঞ্জ থানা রাজস্ব সার্কেল আলতাফ আহমেদ, কেরানীগঞ্জ মডেল থানা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া। এছাড়া দক্ষিন কেরানীগঞ্ থানা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দও সভায় উপস্থিত ছিলেন।
