সেলফি পরিবহনে থেকে চাঁদা আদায়ের অভিযোগে যুবক আটক

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৪ পিএম

মানিকগঞ্জের শিবালয় উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের উথলী-পাটুরিয়া সংযোগ মোড়ে সেলফি পরিবহন থেকে চাঁদা আদায়ের অভিযোগে সুব্রত কুমার বিশ্বাস (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আটক করা হয়।

আটক সুব্রত উপজেলার বেলতা গ্রামের নিতাই বিশ্বাসের ছেলে।

পুলিশ জানায়, মহাসড়কের গুরুত্বপূর্ণ উথলী-পাটুরিয়া মোড়ে যাত্রী উঠানামার জন্য সেলফি পরিবহনের বাস থামে। এ সুযোগে একটি সংঘবদ্ধ চক্র বাসপ্রতি ৩০ টাকা করে চাঁদা আদায় করছিল। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে চক্রের ২-৩ জন পালিয়ে যায়। এ সময় সুব্রতকে চাঁদা আদায়ের ১ হাজার ৫৬০ টাকাসহ আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

পাটুরিয়া ঘাটে সেলফি পরিবহন মালিক সমিতির প্রতিনিধি সুলতান হোসেন বলেন, উথলী মোড়ে সমিতির নিজস্ব লোকজনকে সরিয়ে প্রতিটি বাস থেকে জোরপূর্বক চাঁদা তোলা হচ্ছিল। বিষয়টি জানার পর পুলিশ গিয়ে একজনকে আটক করে।

আটকের বিষয়টি নিশ্চিত করে শিবালয় থানার ওসি মনির হোসেন বলেন, চাঁদা আদায়ের অভিযোগে সুব্রত নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সেলফি পরিবহনের লাইনম্যান মিজানুর রহমান থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত