রং ও কেমিক্যাল দিয়ে ভেজাল জুস ও শিশুখাদ্য তৈরীর অভিযোগে নারায়ণগঞ্জের একটি কারখানার মালিকপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ফতুল্লার দেলপাড়া এলাকায় লাবনী ফুড কোম্পানি লিমিটেডে এ অভিযান পরিচালনা করে র্যাব-১১ ও ভোক্তা অধিকারের ভ্রাম্যমাণ আদালত।
অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারি পরিচালক হৃদয় রঞ্জন বনিক ও র্যাব-১১ এর অবস অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল শিশুখাদ্য ও জুস জব্দ করা হয়। এসব পণ্য বিভিন্ন ধরনের রং ও কেমিকেল দিয়ে তৈরী হচ্ছিল। পরে ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে অভিযান চালিয়ে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
নকল ও ভেজাল পণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় র্যাব-১১।