বাংলাদেশের জন্য শ্রম ভিসা আবার চালু করা এবং ব্যবসা ও ট্রানজিট ভিসা সহজ করতে সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) অনুরোধ জানিয়েছে সরকার। ইউএই রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আলহামুদি গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে এলে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এ অনুরোধ জানান।
ইউএই রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকারের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে তার দেশের সম্পর্ক গভীরতর করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এই বৈঠকে দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও কৌশলগত অংশীদারত্ব গড়ে তোলার আগ্রহ পুনর্ব্যক্ত করা হয়। আলোচনায় ব্যাপক অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি নিয়ে আলোচনা ত্বরান্বিত করা, বাণিজ্য, জ্বালানি, অবকাঠামো এবং পিপিপি প্রকল্পে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
পররাষ্ট্রমন্ত্রী ‘সবার আগে বাংলাদেশ’ নীতির অধীনে দ্বিপক্ষীয় সম্পর্ককে একটি বিস্তৃৃত কৌশলগত এবং অর্থনৈতিক অংশীদারত্বে উন্নীত করার জন্য বাংলাদেশের প্রতিশ্রুতির ওপর জোর দেন। তিনি প্রায় ১২ লাখ প্রবাসী বাংলাদেশিকে কাজের সুযোগ দেওয়ায় ইউএই সরকারের প্রশংসা করেন।
রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আলহামুদি গতকাল পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে আলাদাভাবে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিমন্ত্রী বিদ্যমান দ্বিপক্ষীয় কাঠামোগুলো কাজে লাগাতে নিয়মিত বৈঠক অনুষ্ঠান, দুই দেশের পারস্পরিক সুবিধার সুযোগ চিহ্নিত করা ্ও উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপর জোর দেন।
সার্ক মহাসচিব : দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) মহাসচিব মো. গোলাম সরওয়ার গতকাল পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ বৈঠকে মন্ত্রী সার্ক পুনরুজ্জীবিত করার জন্য সক্রিয় উদ্যোগ গ্রহণে বাংলাদেশের প্রস্তুতির কথা জানান।
মন্ত্রী সার্ক সনদে বর্ণিত নীতিমালা অনুযায়ী সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সার্বভৌম সমতা, আঞ্চলিক অখণ্ডতা, রাজনৈতিক স্বাধীনতা, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং সদস্য রাষ্ট্রগুলোর জনগণের পারস্পরিক সুবিধার প্রতি অঙ্গীকারবদ্ধ থাকার বিষয়ে বাংলাদেশের দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।