ডাকাতি হওয়া তেলের ড্রাম ভর্তি ট্রাক উদ্ধার, দুইজন গ্রেপ্তার

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৮ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চালককে জিম্মি করে তেলের ড্রাম ভর্তি ট্রাক ডাকাতি করে নিয়ে যাবার সময় দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে তেলের ড্রাম ভর্তি ট্রাকটি। জব্দ করা হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার। মঙ্গলবার  (২৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বানিয়াদী এলাকা থেতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- কিশোরগঞ্জ সদর থানাধীন বোয়ালীয়া এলাকার সামসুদ্দিনের ছেলে সেকান্দর ও আড়াইহাজারের গাজীপুরা এলাকার গনেন্দ্র চন্দ্র শীলের ছেলে  নরচন্দ্র শীল। 

রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন জানান, গতকাল মঙ্গলবার বিকালে ৫৫ ড্রামে সাড়ে ১৭ লাখ টাকা মূল্যের পাম অয়েল ভর্তি একটি ট্রাক রূপসী শবনম অয়েল মিল থেকে মযমনসিংহের উদ্দেশ্যে রওয়ানা হয়। ট্রাকটি মিল থেকে বের হলে প্রাইভেটকার যোাগে ৮ /১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ট্রাকটির গতিরোধ করে চালকে অস্ত্রের মুখে জিম্মি তেলের ড্রামভর্তি একটি ট্রাক ছিনতাই করে কাঞ্চনের দিকে রওয়ানা হয়। 

এসময় কৌশলে চালক সরকারী পরিষেবা ৯৯৯ এ কল করলে রূপগঞ্জ থানার এসআই নাজিমউদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ডাকাতদের ধাওয়া করে সন্ধ্যার দিকে বানিয়াদী এলাইট জুট মিলের  সামনে থেকে ডাকাতি হওয়া ট্রাক ভর্তি তেল উদ্ধার করে। এসময় এঘটনায় জড়িত ডাকাত সদস্য সেকান্দর ও নরচন্দ্র শীল দেশীয় অস্ত্রসহ আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ডাকাত দলের অন্য সদস্যরা।

এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দাযের করা হয়েছে। বাকি জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত