বিদ্যুতের অবৈধ ব্যবহারের অভিযোগে চার গ্যারেজকে জরিমানা

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ পিএম

বিদ্যুৎ চুরি ও অবৈধ ব্যবহার রোধে নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের অটোরিকশা গ্যারেজগুলোতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ডিপিডিসির কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন। অভিযানে চারটি ইজিবাইক (অটোরিকশা) গ্যারেজকে মোট চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি বিচ্ছিন্ন করা হয়েছে অবৈধ ও অতিরিক্ত বিদ্যুৎ সংযোগ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) গভীর রাতে সিদ্ধিরগঞ্জের সিআইখোলা, বাতানপাড়া ও গোদনাইল চৌধুরীবাড়ি এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে একই মিটারে একাধিক প্রতিষ্ঠানে সংযোগ, বিদ্যুৎ চুরি এবং অনুমোদনের চেয়ে অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।

এ সময় চারটি ইজিবাইক (অটোরিকশা) গ্যারেজকে বিভিন্ন অনিয়মের অভিযোগে মোট চার লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অতিরিক্ত ও অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় ডিপিডিসির অভিযান পরিচালনাকারী দল।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তারিফ আল তাওহীদ জানান, ‘বিদ্যুতের অপচয়, অপব্যবহার ও অবৈধ ব্যবহার ঠেকাতে ইজিবাইক গ্যারেজগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। যেখানেই অনিয়ম পাওয়া যাবে, সেখানেই ব্যবস্থা নেওয়া হবে।’

অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহীদসহ ডিপিডিসির সিদ্ধিরগঞ্জ এনওসিএস কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুর রহমান, সহকারী প্রকৌশলী মো. রাহুল, উপসহকারী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, মো. সানোয়ার হোসেন এবং মো. অলিউল্লাহ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত