চেক জালিয়াতি, জামাতার বিরুদ্ধে শাশুড়িকে মামলার নির্দেশ

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৯ পিএম

চট্টগ্রামে শাশুড়ির চেক চুরি করে তাতে ১০ লাখ টাকা বসিয়ে সই জাল করে ব্যাংকে যান টাকা তুলতেন জামাতা। সেই চেক প্রত্যাখ্যান হলে উল্টো শাশুড়ির বিরুদ্ধে মামলা করে বসেন জামাতা। তবে 'জামাই বাবুর' জালিয়াতি ধরা পড়ে আদালতে। অবশেষে জামাতার বিরুদ্ধে চেক চুরি ও জালিয়াতির অভিযোগে শাশুড়িকে মামলা করার নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার প্রথম যুগ্ম চট্টগ্রাম মহানগর দায়রা জজ শহীদুল্লাহ কায়সার এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী মোশাররফ হোসেন সংবাদ মাধ্যমকে বলেন, আদালত শাশুড়ি জাহেদা বেগমকে চেক প্রত্যাখ্যানের মামলা থেকে খালাস দিয়েছেন। একই সঙ্গে তাকে ফাঁসাতে চেক চুরি করে জালিয়াতির মাধ্যমে ১০ লাখ টাকা আদায়ের চেষ্টার অভিযোগে জামাতা হারুন অর রশিদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন।

জানা গেছে, মিরসরাইয়ের জাহেদা বেগমের জামাতা হারুন অর রশিদ কৌশলে শাশুড়ির কাছ থেকে একটি চেক চুরি করেন। পরে চেকে শাশুড়ির সই জাল করে টাকার অঙ্ক ১০ লাখ টাকা বসান। বিষয়টি জানতে পেরে জাহেদা বেগম ব্যাংক কর্তৃপক্ষকে আগে থেকেই অবহিত করেন। এরপরও তার জামাতা চেকের টাকা আদায়ের জন্য চাপ দিতে থাকেন। এক পর্যায়ে ২০২০ সালের আগস্টে তিনি শাশুড়ির বিরুদ্ধে চেক প্রত্যাখ্যানের অভিযোগে আদালতে নালিশি মামলা করেন।

আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেন। তদন্ত শেষে সিআইডি প্রতিবেদনে উল্লেখ করা হয়, চেকে জাহেদা বেগমের সই জাল করা হয়েছে। সিআইডির প্রতিবেদন ও তিনজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত জাহেদা বেগমকে খালাস দেন এবং হারুন অর রশিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত