লড়াইয়ে অনড় রাশিয়া-ইউক্রেন

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২২ এএম

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী সংঘাতে রূপ নিয়েছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। গতকাল বুধবার এই যুদ্ধ চার বছর পেরিয়ে পাঁচ বছরে গড়িয়েছে। দীর্ঘ এই যুদ্ধে দুই পক্ষই ব্যাপক মাত্রায় সামরিক ও বেসামরিক ক্ষয়ক্ষতির মুখে পড়লেও, যুদ্ধ বন্ধে কোনো সমঝোতা হয়নি। মুখে দুই দেশই শান্তি আলোচনার কথা বললেও, বাস্তবিক অর্থে তা কেবল আলোচনার টেবিলেই সীমাবদ্ধ। এমনকি ব্যাপক ক্ষয়ক্ষতির পরও এই যুদ্ধ নিয়ে নিজেদের অবস্থানে অনড় রাশিয়া ও ইউক্রেন। ইউক্রেনে হামলা শুরুর চতুর্থ বার্ষিকীতে ক্রেমলিন গত মঙ্গলবার জানিয়েছে, রাশিয়া এখনো তাদের যুদ্ধের সব লক্ষ্য অর্জন করতে পারেনি এবং লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত এ লড়াই চালিয়ে যাবে। এএফপির এক প্রশ্নের জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন- লক্ষ্যগুলো এখনো পুরোপুরি অর্জিত হয়নি, যে কারণে সামরিক অভিযান অব্যাহত রয়েছে। অন্যদিকে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন- ইউক্রেনকে দখল করে নেওয়ার যে লক্ষ্য ভøাদিমির পুতিন নির্ধারণ করেছিলেন, তা অর্জনে তিনি ব্যর্থ হয়েছেন।

রাশিয়ার সঙ্গে শান্তি স্থাপনের জন্য গত চার বছরের যুদ্ধে জনগণের ত্যাগ ও আত্মদানের সঙ্গে ইউক্রেন বিশ্বাসঘাতকতা করবে না বলে গতকাল মন্তব্য করেন জেলেনস্কি। তবে তার প্রধান মিত্রদের মধ্যে যুদ্ধ চালিয়ে যাওয়া নিয়ে বিভেদ তৈরি হয়েছে বলে স্বীকার করেন তিনি। ইউরোপীয় দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা এবং ইউক্রেনের জন্য ৯০ বিলিয়ন ইউরোর একটি ঋণ প্যাকেজে একমত হওয়ার আশা করছিল। কিন্তু মস্কোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা হাঙ্গেরি গত সোমবার উভয় প্রস্তাবে ভেটো বহাল রেখেছে। এদিকে, কৃষ্ণসাগরে অবস্থিত রুশ বন্দর নভোরোসিয়েস্কে ইউক্রেনের হামলার পর কিয়েভকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট কিছুতে হামলায় নিষেধ করেছে বলে জানিয়েছেন ওয়াশিংটনে ইউক্রেনের রাষ্ট্রদূত ওলহা স্তেফানিশাইনা। মঙ্গলবার তিনি যুক্তরাষ্ট্রের কাছ থেকে ওই আনুষ্ঠানিক কূটনৈতিক বার্তা পাওয়ার কথা জানান। তবে বার্তাটি কীভাবে দেওয়া হয়েছিল এবং এ জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে তলব করেছিল কিনা- সে বিষয়ে কিছু বলতে তিনি রাজি হননি।

সর্বশেষ সর্বাধিক পঠিত