জাবির ১ম ধাপের ভর্তি শেষ, অর্ধেকের বেশি আসন ফাঁকা

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৬ এএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের (৫৫তম ব্যাচ) ভর্তি কার্যক্রমের প্রথম ধাপ শেষে হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে অর্ধেকের বেশি আসন ফাঁকার তথ্য পাওয়া গেছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ফলাফলের তালিকা থেকে এ তথ্য  জানা গেছে।  

তালিকার তথ্যানুযায়ী, নির্ধারিত এক হাজার ৮৪২টি আসনের মধ্যে এক হাজার ১০৯টি আসন এখনও পূরণ হয়নি। এর মধ্যে ছাত্রদের জন্য ৬০২টি এবং ছাত্রীদের জন্য ৫০৭টি আসন ফাঁকা রয়েছে।

শূন্য আসনের বিস্তারিত তালিকা অনুযায়ী, ‘এ’ ইউনিটে ৪২৬ আসনের মধ্যে ছাত্র ১৯৯ ও ছাত্রী ১৪৮ জনসহ মোট ৩৪৭টি আসন শূন্য রয়েছে। ‘বি’ইউনিটে ৩২৬ আসনের মধ্যে ছাত্র ৯২ ও ছাত্রী ১০২ সহ ১৯৪টি, ‘সি’ ইউনিটে ৪৬৬ আসনের মধ্যে ছাত্র ১৩৬ ও ছাত্রী ১১৭সহ ২৫৩, ‘ডি’ ইউনিটে ৩১০ আসনের মধ্যে ছাত্র ৭৫ ও ছাত্রী ৫৪ সহ মোট ১২৯ এবং ‘ই’ ইউনিটে ২০০ আসনের মধ্যে ছাত্র ৬৯ ও ছাত্রী ৫০সহ মোট ১১৯টি আসন ফাঁকা রয়েছে।

এছাড়া আইবিএ ইউনিটে ৫০ আসনের মধ্যে ছাত্র ৮ ও ছাত্রী ১১সহ মোট ১৯টি এবং ‘সি-১’ ইউনিটে ছাত্র ৮ ও ছাত্রী একজনসহ মোট ৯টি আসন শূন্য রয়েছে।

এ বিষয়ে ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা বলেন, একসঙ্গে একাধিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ও ভর্তি কার্যক্রম চলমান থাকায় শিক্ষার্থীরা কোথায় ভর্তি হবেন তা নিয়ে দ্বিধায় থাকেন। এ কারণে প্রথম মেধাতালিকায় তুলনামূলক কমসংখ্যক শিক্ষার্থী ভর্তি হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কার্যালয় জানায়, প্রথম ধাপের ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর শূন্য আসন পূরণের লক্ষ্যে আগামী ২৬ ফেব্রুয়ারি দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করা হবে। দ্বিতীয় ধাপে ভর্তি শেষে যে আসন ফাঁকা থাকবে, সেগুলোর জন্য আগামী ৩০ মার্চ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত