পিরোজপুরে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০১ পিএম

পবিত্র রমজান উপলক্ষে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে বাজার তদারকি শুরু করেছে পিরোজপুর জেলা প্রশাসন।বৃহস্পতিবার(২৬ ফেব্রুয়ারি) দুপুর থেকে পিরোজপুর পৌর বাজার পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক তানজিলা কবির ত্রপা। পরিদর্শনকালে নিত্যপণ্যের মূল্য তালিকা টানানো, অতিরিক্ত দাম না নেওয়া, বাজারের রাস্তা দখল করে মালামাল না রাখাসহ পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব আরোপ করেন অতিরিক্ত জেলা প্রশাসক।

এ সময় বারবার সতর্ক করার পরেও অসাধু পাঁচ ব্যবসায়ীকে ভেজাল গুড় বিক্রি এবং লেবেল বিহীন পণ্য এবং বাজারের রাস্তা আটকে জনদুর্ভোগ বাড়ানোর অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে বাজার দখলমুক্ত করতে ফুটপাত ও বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। বাকিগুলোর মালিকদের নিজ দায়িত্বে তাদের অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়া হয়। 

বাজার তদারকি শেষে অতিরিক্ত জেলা প্রশাসক তানজিলা কবির ত্রপা বলেন, আমরা জেলা প্রশাসকের নির্দেশে বাজার মনিটরিং করছি। এ সময় বেশ কিছু অসংগতি পেয়েছি। তাই তাদের বিভিন্ন অংকে জরিমানা করা হয়েছে। ব্যবসায়ীরা তাদের প্রতিষ্ঠানে মূল্য তালিকা টানান নি। এছাড়াও অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছে। ভোক্তারা যেনো ন্যায্য মুল্যে পন্য ক্রয় করতে পারে সেজন্য রমজান মাসজুড়ে বাজার মনিটরিং অব্যাহত থাকবে বলে জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েদ ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান,ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত