আমার নাম ভাঙিয়ে কেউ অন্যায় করতে পারবে না: নাসের রহমান এমপি

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৯ পিএম

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমান জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে প্রথম মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসক কনফারেন্স হলে আয়োজিত ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।

সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি নাসের রহমান বলেন, ১৭ বছরের আন্দোলনের পর বিএনপি জনগণের ভোটে সরকার গঠন করেছে। আপনারা স্বাচ্ছন্দ্যে জনগণের কল্যাণে কাজ করুন। আমি কাজের লোক। যেকোনো গাফলতি বা অন্যায় আমি অত্যন্ত সিরিয়াসলি নেবো। কেউ আমার নাম ভাঙিয়ে অন্যায় করতে পারবে না।

তিনি আরও বলেন, মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলায় বিএনপি ক্ষমতায় থাকাকালীন ২৫০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন করা হয়েছিলো। আমার পিতা সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের সময়ের কাজের ধারাবাহিকতা বজায় রাখবো। সদর হাসপাতাল আধুনিকায়ন ও অন্যান্য গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি পুনর্বহাল করা হবে।

সভায় এ সময় জেলা সদরের পৌর শহরের সৌন্দর্য বর্ধন, হকারদের স্থান নির্ধারণ এবং যানজট মুক্ত রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি। এ ছাড়া জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে কাজ করতে স্বতন্ত্রভাবে উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। সভায় সড়ক ও জনপথ, স্বাস্থ্য প্রকৌশল, এলজিইডি, মৎস্য, কৃষি, শিক্ষা, পানিউন্নয়ন বোর্ডসহ বিভিন্ন সরকারি বিভাগের প্রধানরা জেলার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক বিভিন্ন বিষয় তুলে ধরেন। সভাশেষে এমপি মৌলভীবাজার ২৫০ শয্যা সদর জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত