বরিশালের উজিরপুর উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, কাজের তদারকিতে গাফিলতিসহ নানা অভিযোগের তদন্ত ও বিচার দাবি করে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
উপজেলার ধামুরা গ্রামের বাসিন্দা আব্দুর রব হাওলাদারের ছেলে মো. মাছুম হাওলাদার এ অভিযোগ করেন। ১৩ অক্টোবর ঢাকার সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগটি দেওয়া হয় বলে জানা গেছে।
অভিযোগে মাছুম হাওলাদার উল্লেখ করেন, সুব্রত রায় উজিরপুরে চাকরিকালীন সময়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত হয়েছেন। সেতু নির্মাণ, সড়ক মেরামতসহ বিভিন্ন উন্নয়নকাজে ঠিকাদারদের সঙ্গে যোগসাজশ করে সরকারি অর্থের অপচয় করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
অভিযোগকারীর দাবি, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সুব্রত রায় প্রভাবশালী অবস্থানে থেকে তার তদারকিতে থাকা বিভিন্ন সড়ক, সেতু ও কালভার্ট নির্মাণকাজে অনিয়মকে অর্থের বিনিময়ে সহযোগিতা করেছেন। বর্তমান সময়েও তিনি একইভাবে দায়িত্ব পালন করায় সরকারি অর্থের অপচয় ও ক্ষতি হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া ধামুরা এলাকার কয়েকটি সেতুর পুরোনো নির্মাণসামগ্রী নিয়েও সুব্রত রায়ের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বলে দাবি করেন মাছুম হাওলাদার। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
এদিকে উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকলেও তিনি উজিরপুরে দায়িত্ব পালন করায় তার তদারকিতে চলমান উন্নয়নকাজের স্বচ্ছতা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে বলে অভিযোগকারীর দাবি।
অভিযোগের বিষয়ে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।