খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪৬ জনের মাঝে এক কোটি ৯৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। এর মধ্যে খুলনা জেলার ২৩জন, সাতক্ষীরা জেলার ১৩জন ও বাগেরহাট জেলার ১০জন চেক পেয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ’র) চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সড়ক দুর্ঘটনা কারো কাম্য নয়। সড়কে দুর্ঘটনারোধে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি আইনও বাস্তবায়ন করা জরুরি। সড়ক দুর্ঘটনা ঘটে ৭০ শতাংশই মোটর সাইকেলে। মোটরসাইকেল চালানোর সময় মাথায় হেলমেট ব্যবহার করতে হবে।
তিনি বলেন, পেশাদার চালকদের জন্য প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। বর্তমান সরকার জনবান্ধব। সড়কে দুর্ঘটনা প্রতিরোধে নিতে হবে সমন্বিত পদক্ষেপ। এক্ষেত্রে গাড়ি চালকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। গাড়ির গতিসীমা প্রতি ঘন্টায় ৬০ কিলোমিটারে রাখতে চালকদের প্রতি অনুরোধ করেন প্রধান অতিথি।
খুলনা জেলা প্রশাসক আ স ম জামশেদ খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বিআইটিএ’র পরিচালক (অডিট ও আইন) রুবায়াৎ-ই-আশিক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূরুল হাই মোহাম্মদ আনাছ, খুলনা বিআরটিএর পরিচালক (ইঞ্জি) মো. জিয়াউর রহমান, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহিদ হাসান খান, বাস-মিনি বাস মালিক সমিতির সভাপতি রবিউল করিম, ট্রাক শ্রমিক মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ ওয়াহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিআইটিএ’র উপপরিচালক তানভীর আহমেদ। খুলনা জেলা প্রশাসন ও বিআরটিএ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
