সাতক্ষীরার শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় পিষ্ট হয়ে শুভঙ্কর মণ্ডল (৩১) নামে এক বাইকআরোহী যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে শ্যামনগর উপজেলার বংশীপুর লস্কর পেট্রোল পাম্পের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
শুভঙ্কর মণ্ডল খুলনা জেলার কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের দুর্গাপদ মণ্ডলের ছেলে। তিনি শ্যামনগর উপজেলার হরিনগর গ্রাম থেকে বিয়ে সংক্রান্ত বিষয়ে কাজ মিটিয়ে মোটরসাইকেলযোগে ফিরছিলেন।
শ্যামনগর থানার এসআই অনিরুদ্ধ জানান, মঙ্গলবার সকালে বংশীপুর এলাকা থেকে খুলনাগামী বিআরটিসির একটি দ্রুতগতির বাস পেছন দিক থেকে শুভঙ্করের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়লে বাসটির পেছনের চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অফিসার ইনচার্জ (ওসি) সাফিউল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শুভঙ্করের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
স্থানীয় সমাজকর্মী ও সাংবাদিক আব্দুল আহাদ বলেন, ভেটখালী-সাতক্ষীরা সড়কটি সংস্কারের নামে কয়েক বছর ধরে খোড়া ও কর্দমাক্ত থাকায় প্রায় দূর্ঘটনা ঘটে থাকে। এর একটা সমাধান খুব জরুরী।