মাগুরায় বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১৫

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১০ এএম

আসন্ন ঈদের সরকারি অনুদানের চালের কার্ড বিতরণ ও কমিটি গঠন-সংক্রান্ত দ্বন্দ্বে মাগুরায় বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত বুধবার রাত ৮টার পর মাগুরা পৌরসভার বাটিকাডাঙ্গা মোড়ে এই সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঈদ উপলক্ষে সরকারি চালের কার্ড বিতরণ ও কমিটি গঠন নিয়ে ৮ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সঙ্গে স্থানীয় বিএনপি কিছুসংখ্যক সমর্থকের দ্বন্দ্ব বাধে।

এ সময় বিএনপির ওয়ার্ড কমিটির সভাপতি তরিকুল শেখ ও বিএনপি নেতা আবু মিয়ার সমর্থকরা কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা বাটিকাডাঙ্গা মোড় থেকে শিবরামপুর মোড় পর্যন্ত অবস্থান নেন। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখতে পেয়ে বিক্ষুব্ধরা পালিয়ে যায়। সংঘর্ষে আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকিরুল ইসলাম দাবি করেন, দেশি অস্ত্র নিয়ে বিএনপির নামধারী একদল ব্যক্তি ৮ নম্বর ওয়ার্ড বিএনপির অফিসে ভাঙচুর চালায়। এ ঘটনায় আওয়ামী লীগের লোকজন জড়িত রয়েছে বলে তিনি অভিযোগ করেন।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলি সাদিক জানান, সংঘর্ষে উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছেন।

এ ঘটনায় বাটিকাডাঙ্গা এলাকায় স্থানীয় বিএনপির অফিস ভাঙচুর করেছে প্রতিপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। হামলায় কারা জড়িত, তা এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।    

×
সর্বশেষ সর্বাধিক পঠিত