ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাদুড়গাছা গ্রাম থেকে নিখোঁজের পরদিন তাবাসসুম নামের সাড়ে চার বছরের এক কন্যাশিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার সকালে ওই গ্রামের আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করা হয়। শিশু তাবাসসুম মহেশপুর উপজেলার ভৈরবা এলাকার নজরুল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানায়, শিশুটির পরিবার বারবাজার এলাকার বাদেডিহি গ্রামে ভাড়া থাকে। তার বাবা নজরুল হোসেন স্থানীয় একটি দর্জির দোকানের কর্মচারী।
পরিবারের সদস্যরা জানান, বুধবার দুপুর আড়াইটার পর থেকে শিশুটি নিখোঁজ ছিল। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি। গতকাল সকালে বাদুড়গাছা গ্রামের এক কৃষক আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের পেছন দিক দিয়ে মাঠে যাওয়ার সময় বিদ্যালয়ের সেপটিক ট্যাংকে রক্তমাখা একটি বস্তা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে বস্তা খুলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, শিশুটিকে হত্যা করে বস্তায় ভরে সেপটিক ট্যাংকে ফেলে রাখা হয়। এই হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য তদন্ত শুরু হয়েছে।
