ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশনের মধ্যেই শোকের ছায়া নেমে এল তারকা ব্যাটার রিঙ্কু সিংয়ের পরিবারে। দীর্ঘ লড়াই শেষে শুক্রবার সকালে না ফেরার দেশে চলে গেছেন রিঙ্কুর বাবা কাঞ্চন সিং। তিনি চতুর্থ পর্যায়ের (Stage 4) ক্যানসারে আক্রান্ত ছিলেন।
গ্রেটার নয়ডার যথার্থ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কাঞ্চন সিং। চলতি সপ্তাহেই তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়। জিম্বাবুয়ের বিপক্ষে সুপার এইটের ম্যাচের আগে রিঙ্কু সিং তড়িঘড়ি করে হাসপাতালে বাবাকে দেখতে গিয়েছিলেন। তবে জাতীয় কর্তব্যের টানে দ্রুতই স্কোয়াডে ফিরে আসেন তিনি। গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের জয়ের ম্যাচে একাদশে না থাকলেও বদলি ফিল্ডার হিসেবে তাকে মাঠে নামতে দেখা গেছে।
আলীগড়ের এক সাধারণ গ্যাস সিলিন্ডার সরবরাহকারী ছিলেন কাঞ্চন সিং। চরম আর্থিক অনটনের মধ্যেও তিনি রিঙ্কুর ক্রিকেটিং স্বপ্নকে মরতে দেননি। রিঙ্কু সিং যখনই তার সাফল্যের গল্প শুনিয়েছেন, সবসময় তার বাবার সংগ্রামের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেছেন।
রিঙ্কুর বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রাক্তন স্পিনার হরভজন সিং। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) তিনি লিখেছেন: "রিঙ্কু সিংয়ের বাবা শ্রী কাঞ্চন সিং জির প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। বিশ্বকাপ চলাকালীন নিজের দায়িত্ব পালন করার পাশাপাশি রিঙ্কু এবং তার পরিবারের জন্য এটি অত্যন্ত কঠিন একটি সময়। শোকসন্তপ্ত পরিবারের জন্য প্রার্থনা রইল।"
×
