অরক্ষিত ম্যানহোলে কিশোরের মৃত্যু, তবুও ঢাকেনি কর্তৃপক্ষ

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩০ পিএম

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের অরক্ষিত ম্যানহোলে পড়ে কিশোরের নির্মম মৃত্যু হয়েছে। এ ঘটনার একদিন পেরিয়ে যাচ্ছে তবুও ঢাকনা দিয়ে ম্যানহোল ঢাকেনি সড়ক ও জনপথ বিভাগ। ঢাকনাবিহীন ওই ম্যানহোলের বিষয়ে একাধিক আবেদন দিলেও টনক নরেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। তাদের এমন উদাসীনতায় ক্ষুব্ধ হয়েছেন এলাকাবাসী।

এলাকাবাসী, ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোর মধ্যে একটি হচ্ছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। এই মহাসড়কের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকাটি উত্তরবঙ্গের প্রবেশদ্বর হিসেবে পরিচিত। প্রতিদিন এখান দিয়ে চলাচল করে হাজার হাজার মানুষ।

কিন্তু এই গুরুত্বপূর্ণ এলাকাতেও দীর্ঘদিন ধরে মহাসড়কের ওই ম্যানহোলটি ঢাকনাবিহীন অবস্থায় পড়ে আছে। অরক্ষিত ওই ম্যানহোলের ঢাকনা আছে কি নেই, তা যেন সংশ্লিষ্ট কেউ দেখেন না। অরক্ষিত ওই ম্যানহোলে পড়ে দুর্ঘটনার শিকার হয় অনেক পথচারী। ঢাকনাবিহীন ওই ম্যানহোলের বিষয়ে একাধিক বার বার আবেদন করা হলেও কোনো উদ্যোগ নেয়নি সড়ক ও জনপথ বিভাগ। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এক কিশোর ওই এলাকায় মহাসড়কের ফুটপাত দিয়ে হাঁটছিল। অসাবধানতাবশত তিনি হঠাৎ করেই মহাসড়কের ড্রেনের অরক্ষিত ওই ম্যানহোলে অরক্ষিত ড্রেনে পড়ে নিখোঁজ হন।

বিষয়টি টের পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর ওই ম্যানহোল থেকে কিশোরের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য নিহতের লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এখনো নিহত কিশোরের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। তারপরও টনক নরেনি সড়ক ও জনপথ বিভাগের। অরক্ষিত ওই ম্যানহোলে পড়ে কিশোরের নির্মম মৃত্যুর খবরও জানে না সড়ক ও জনপথ বিভাগ। ওই নির্মম মৃত্যুর ঘটনার একদিন শুক্রবার পেরিয়ে গেলেও অরক্ষিত ম্যানহোলটি ঢাকেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাদের এমন উদাসীনতায় ক্ষুব্ধ হয়েছেন এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, এ বিষয়ে পর্যটন করপোরেশনের পক্ষ থেকে একাধিকবার সড়ক ও জনপথ বিভাগের কাছে চিঠি দিলেও কোনো কার্যক্রম দেখা যায়নি। সে চিঠিগুলো আমাদের কাছেও আছে, আপনারাও সেটা দেখতে পারেন। কিন্তু তারা অরক্ষিত ওই ম্যানহোলে ঢাকনা দিলে ওই কিশোরের এ রকম মৃত্যু হতো না। এখন এই মৃত্যুর দায় নিবে কে? তবে শুধু এই ম্যানহোলটিই নয়, অতিদ্রুত অরক্ষিত সকল ম্যানহোল ঢাকনা দিয়ে ঢেকে জননিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন তারা।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সেপেক্টর ইফতেখার রায়হান চৌধুরী জানান, খবর পেয়ে অরক্ষিত ম্যানহোল থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) ছানোয়র হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ময়না তদন্তের জন্য নিহতের লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি।

এব্যাপারে সড়ক ও জনপথ বিভাগে উপ বিভাগীয় প্রকৌশলী আনোয়ার হোসেন জানান, মহাসড়কের চন্দ্রা এলাকায় অরক্ষিত ম্যানহোলে পড়ে কিশোরের মৃত্যুর বিষয়টি জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে অতিদ্রুত ওই ম্যানহোলে ঢাকনার ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত