মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার হয়েছিলেন আইজিপি

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৪ এএম

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছিলেন। মোহাম্মদপুরকে অপরাধপ্রবণ উল্লেখ করে আইজিপি বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে ১৯৮৬ সালে আমি নিজেও এই এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছিলাম। আত্মীয়ের বাসায় যাওয়ার পথে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের পাশ দিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীর কবলে পড়েছিলাম। গত বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর নিরাপত্তাব্যবস্থা সরেজমিনে পরিদর্শনে বের হয়ে মোহাম্মদপুরে সাংবাদিকদের এ কথা বলেন। আইজিপি বলেন, আমি রাস্তায় থাকলে সহকর্মীরাও আরও সক্রিয় থাকবে এবং আইন প্রয়োগে কঠোরতা বাড়বে। সাধারণ মানুষ পুলিশের পাশে রয়েছে। এবং যে-ই অপরাধী হোক, কঠোরভাবে দমন করা হবে।

ছিনতাইয়ের অভিজ্ঞতার কথা তুলে ধরে আইজিপি বলেন, মোহাম্মদপুরে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হয়ে আসছে। এ কারণে এলাকার সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। এলাকার অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ এরই মধ্যে বিশেষ নজরদারি ও অভিযান জোরদার করেছে। কিশোর গ্যাং, ছিনতাই ও মাদক সংশ্লিষ্ট অপরাধ দমনে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে। এলাকার পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত