রাজধানীতে সুবিধাবঞ্চিত নারী, শিশু এবং শ্রমজীবী মানুষের সম্মানে এক ব্যতিক্রমী ও হৃদয়ছোঁয়া ইফতার মাহফিলের আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। গতকাল রাজধানীর গুলশানে জেডআরএফের কার্যালয়ে এই আয়োজনে উপস্থিত হয়ে আর্তমানবতার সেবায় নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন ফাউন্ডেশনের শীর্ষ নেতারা।
ফাউন্ডেশনের বোর্ড অব ডিরেক্টরস ও উপদেষ্টামণ্ডলীর এই সম্মিলনে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তার সঙ্গে উপস্থিত ছিলেন জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। আয়োজনের মূল উদ্দেশ্য ছিল সমাজের অবহেলিত মানুষের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করা এবং ইফতারের আনন্দ ভাগ করে নেওয়া।
ওই আয়োজনে উপস্থিত ছিল ভাসানটেক, কড়াইল বস্তিসহ সংশ্লিষ্ট এলাকার সুবিধাবঞ্চিত নারী ও শিশুরা। জেডআরএফের ডিরেক্টরদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, ডা. সৈয়দা তাজনিন ওয়ারিস সিমকী, অধ্যাপক লুৎফর রহমান, ব্যারিস্টার মীর হেলাল, অধ্যাপক ড. আবুল হাসনাত মো. শামীম, ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ ও উমাশা উমায়ন মনি চৌধুরী প্রমুখ।
ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে ডা. জুবাইদা নারী ও শিশুদের সামগ্রিক উন্নয়নের ওপর জোর দেন। তিনি বলেন, আমাদের লক্ষ্য হলো সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করে তোলা। নারীরা যখন নিজের পায়ে দাঁড়াতে পারবে, তখনই একটি সমাজ সত্যিকার অর্থে উন্নত হবে। শিশুদের জন্য একটি নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলাই আমাদের ফাউন্ডেশনের অন্যতম প্রধান অঙ্গীকার। শিশুদের আগামীতে বাংলা-ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষা শেখার বিষয়ে গুরুত্বারোপ করেন ডা. জুবাইদা রহমান।
