ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসনে গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব চৌধুরী ইশরাক আহম্মেদ সিদ্দিকী ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে গিয়ে দাঁড়িপাল্লার পক্ষে নির্বাচন করায় তাকে দায়িত্ব থেকে অব্যাহতি-পূর্বক বহিষ্কারের দাবি জানিয়েছেন দলটির নেতারা। এ ব্যাপারে বিএনপি চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শ্রমবিষয়ক সম্পাদক মো. হুমায়ুন খান কবির খান স্বাক্ষরিত লিখিত অভিযোগে বলা হয়, বিএনপির নেতাকর্মী ও সমর্থক হিসেবে সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. মজিবুর রহমানের পক্ষে নির্বাচন পরিচালনা করেছি। নির্বাচনে তিনি বিপুল ভোটে নির্বাচিত হন। চৌধুরী ইশরাক আহম্মেদ সিদ্দিকী নির্বাচন শুরু হওয়ার প্রথম থেকেই দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়ে ধানের শীষকে পরাজিত করার জন্য জামায়াতের প্রার্থীর প্রতি সমর্থন বিদ্যমান রাখেন এবং তাকে বিজয়ী করতে তৎপরতা চালান। তিনি কালিয়াকৈর উপজেলা ও কালিয়াকৈর পৌর বিএনপির আহ্বায়ক কমিটিতে মোটা অঙ্কের টাকা লেনদেনের মাধ্যমে প্রায় ৩৬ জন ফ্যাসিস্ট আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত করেছেন।
চৌধুরী ইশরাক আহম্মেদ সিদ্দিকী বলেন, তার বিরুদ্ধে আনা সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তার বিরুদ্ধে সুপরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে।
