পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, পার্বত্য চট্টগ্রামের দুর্গম মানুষের দোরগোড়ায় সরকারি সেবা, উন্নয়ন পৌঁছে দেওয়াই বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা মোতাবেক পাহাড়ের প্রতিটি ক্ষেত্রে পরিকল্পিত উন্নয়ন সাধিত হবে। কোথাও কোনো বৈষম্য থাকবে না।
গতকাল শুক্রবার রাঙ্গামাটি সার্কিট হাউজ প্রাঙ্গণে মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমবার রাঙ্গামাটিতে এসে পৌঁছালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী দীপেন দেওয়ান এ কথা বলেন।
রাঙ্গামাটি সার্কিট হাউজ প্রাঙ্গণে দীপেন দেওয়ান বলেন, পার্বত্য চট্টগ্রামের সুষম উন্নয়ন ত্বরান্বিত করতে সবাইকে নিয়ে কাজ করব। পাহাড়ে উন্নয়নে কোনো ধরনের বৈষম্য হতে দেওয়া হবে না। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোসহ সব সেক্টরের সামগ্রিক উন্নয়নই আমাদের মূল লক্ষ্য।
সরকারের কর্মপরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, আমরা আগে কাজ করে দেখাতে চাই, তারপর আপনাদের সামনে দৃশ্যমান ফল উপস্থাপন করব। দীর্ঘ বছর ধরে যেসব এলাকায় উন্নয়নের ছোঁয়া পৌঁছায়নি, সেখানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে।
বিএনপি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ অনুযায়ী জনগণের সেবা ও সুষম উন্নয়নের মানসিকতা নিয়ে কাজ করতে হবে।
