ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার স্বচ্ছতার মাধ্যমে এগিয়ে যেতে চায় বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি আরও বলেছেন, স্বচ্ছতার এই পথ অনুসরণ করেই কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছানো সম্ভব। গতকাল শুক্রবার রাজধানীর ধানম-ির একটি রেস্টুরেন্টে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন’ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেন, ‘আইন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করতে গিয়ে আইনজীবীদের স্বার্থ যেমন দেখতে হয়, তেমনি বিচারপ্রার্থী মানুষের ন্যায়বিচার প্রাপ্তির বিষয়টিও সমানভাবে গুরুত্ব দিতে হয়। একই সঙ্গে বিচার বিভাগের ভালো-মন্দ দেখাও আমাদের নৈতিক দায়িত্ব।’
মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার প্রথম সাক্ষাতের প্রসঙ্গ উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তখন জোর দিয়ে বলেছেন যে, বিচার বিভাগকে তার নিজস্ব গতিতে স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে হবে। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর কাছে প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি। বিচারকরাও স্বাধীন ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে যাবেন, এমন প্রত্যাশা ব্যক্ত করে আসাদুজ্জামান বলেন, ‘আমরা যে প্রতিষ্ঠানে কাজ করি, সেই প্রতিষ্ঠানকে যদি শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শন না করি, তবে তা একসময় ধ্বংসের পথে চলে যায়।’
জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী, সুপ্রিম কোর্ট সচিবালয়ের সিনিয়র সচিব শেখ আশফাকুর রহমান প্রমুখ বক্তব্য দেন।
