সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, ‘সরকারি কর্মচারী হোক বা সাধারণ মানুষ যেই ঘুষ গ্রহণ বা প্রদান করুক না কেন, আইনের আওতায় এনে বিচার করা হবে। দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।’ গতকাল শুক্রবার সকালে ঢাকা থেকে মাগুরা জেলা প্রবেশপথ ওয়াপদা গড়াই সেতু এলাকায় পৌঁছালে দলীয় নেতাকর্মীরা সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ মনোয়ার হোসেন খানকে তাদের আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান। এ সময় মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে মন্ত্রীকে মাগুরা সার্কিট হাউজে নিয়ে আসে। সেখানে জেলা প্রশাসন ও পুলিশ সদস্যরা তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সালাম জানান।
পরে সার্কিট হাউজ হলরুমে জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদের নেতৃত্বে বিভিন্ন অঙ্গ সংগঠনসহ সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে মন্ত্রীকে ও মাগুরা-১ আসনের সংসদ সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
এ সময় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, অনেকেই চাঁদাবাজি করে বিএনপির নাম দেয়। আবার অনেকে মাদক ব্যবসা করছে তারা বিএনপি করে না। আমাদের সরকার এই অপরাধগুলো সে যেই করুক মানে অপরাধ যে করবে চাঁদাবাজি করবে সে দলেরই হোক বা সরকারি কর্মচারী হোক তাদের আইনের আওতায় আনা হবে। মূল কথা হলো যে অপরাধ ‘ল উইল টেক ইট ওন কোর্স’ অপরাধের বিচার হবে।
