গাজীপুরের কালিয়াকৈরে পৃথক দুটি স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পৌরসভার মাকিষবাতান ও উপজেলার বোর্ডঘর এলাকায় শুক্রবার ও শনিবার ভোর রাতে ওই দুই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে। অগ্নিকাণ্ডে অর্ধ কোটির টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগি পরিবার।
এলাকাবাসী, ভুক্তভোগি পরিবার ও ফায়ার সাভির্স সূত্রে জানা গেছে, কালিয়াকৈর পৌরসভার মাকিষবাথান আবাসিক এলাকায় শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে শহিদুল ইসলামের সুতার গোডাউনে গ্যাসের চুলা থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের বসত-বাড়িতে ছড়িয়ে পড়ে। স্থানীয়ভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে পরে ফায়ার সার্ভিসকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ওই গোডাউন ও একটি বসতবাড়ি টিনসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। এছাড়াও পাশের একটি ১০তলা ভবনের জানালার গ্রাসসহ বিভিন্ন অংশ পুড়ে যায়।
অপরদিকে শনিবার ভোররাতে উপজেলার বোর্ডঘর এলাকায় একটি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ওই বাজারের ৯টি দোকান ও দোকানের ভেতরে থাকা নগদ টাকাসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুই অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। এব্যাপারে কালিয়াকৈ ফায়ার সাভির্স স্টেশন কর্মকর্তা ইফতেখার রায়হান চৌধুরী জানান, ওই দুটি স্থানে আগুনে অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা ঘটেনি।
