অভিনেত্রী থেকে নেত্রী

আপডেট : ০১ মার্চ ২০২৬, ১২:৪২ এএম

‘টলিউড কুইন’ খ্যাত পশ্চিমবঙ্গের দর্শকপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক এবার  নাম লেখালেন রাজনীতির ময়দানে। সবাইকে চমকে দিয়ে এই অভিনেত্রীকে রাজ্যসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। এতদিন অভিনয়জগতেই নিজেকে সীমাবদ্ধ রাখা কোয়েলের এই নতুন অধ্যায় নিয়ে রাজনৈতিক ও বিনোদন মহলে শুরু হয়েছে জোর চর্চা। দীর্ঘদিনের অভিনয় জীবনে কোয়েল মল্লিক কখনো সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত হননি। যদিও তিনি বরাবরই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্নেহধন্যা হিসেবে পরিচিত। সেই কারণেই অনেকের মতে, তৃণমূলের তরফে তার নাম ঘোষণার মধ্যে বিশেষ রাজনৈতিক বার্তা রয়েছে। এই ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কোয়েলের ভক্তদের একাংশ তার নতুন যাত্রাকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। অন্যদিকে আবার কেউ কেউ বিস্ময় প্রকাশ করে প্রশ্ন তুলেছেন, যে অভিনেত্রী এতদিন রাজনীতির বাইরে ছিলেন, তিনি হঠাৎ করে কেন সংসদের উচ্চকক্ষে যেতে চলেছেন।

পাঁচ বছর আগে ২০২১ সালের উপনির্বাচনে মমতা ব্যানার্জির প্রস্তাবক ছিলেন কোয়েল মল্লিকের স্বামী তথা প্রযোজক নিসপাল সিং রানে। সেই সময় থেকেই অনেকেই মনে করেছিলেন যে মল্লিক পরিবারের সঙ্গে তৃণমূলের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে। আসন্ন রাজ্যসভা নির্বাচনের জন্য কোয়েল মল্লিক ছাড়াও আরও তিনজনের নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। তারা হলেন সাবেক কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, ডিজি প্রাক্তন ডিজি রাজীব কুমার এবং আইনজীবী মেনকা গুরুস্বামী।

সর্বশেষ সর্বাধিক পঠিত