এই ঈদে

আপডেট : ০২ মার্চ ২০২৬, ১২:০৫ এএম

সিনেমায় অভিষেক স্নিগ্ধার

এবারের ঈদে রায়হান রাফী পরিচালিত ‘প্রেশার কুকার’-এর মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটছে মডেল-অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীর। কয়েকজন নারীকে কেন্দ্র করে সিনেমাটি নির্মিত হচ্ছে। দেশের চারটি অঞ্চল থেকে স্বপ্ন নিয়ে ঢাকায় আসা চার তরুণীর জীবনের সংগ্রাম, নির্যাতন, ভালোবাসা, পেশাগত চ্যালেঞ্জ ও বাস্তবতার গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘প্রেশার কুকার’। স্নিগ্ধা বলেন, মফস্বল থেকে ঢাকায় আসা অনেক মেয়েই এই গল্পের সঙ্গে নিজেদের মিল খুঁজে পাবেন। তিনি সবসময় নারীর ক্ষমতায়নের পক্ষে। প্রথম চলচ্চিত্র হিসেবে এটি তার জন্য যেমন আনন্দের, তেমনি নারীকেন্দ্রিক গল্প হওয়ায় তিনি আরও গর্বিত। স্নিগ্ধা বলেন, ‘এখানে প্রচলিত অর্থে কোনো একক নায়ক নেই এটা ভেবে খারাপ লাগছে না। বরং ভালো লাগছে, কারণ ঈদে মুক্তি পাচ্ছে এমন একটি ছবি, যেখানে অভিনয়ের যথেষ্ট সুযোগ রয়েছে। শুধু সৌন্দর্য নয়, চরিত্রটিকে বিশ্বাসযোগ্য করে তুলতে আমাকে পরিশ্রম করতে হয়েছে।

তৌসিফ-তটিনীর জখম

রাইসা গ্রামের মধ্যবিত্ত ঘরের সাধাসিধে মেয়ে। একটু চাপা স্বভাবের কারণে সবার সঙ্গে খুব সহজেই মিশতে পারে না। অন্যদিকে পার্থ যে কি না সম্ভ্রান্ত যৌথ পরিবারের ছেলে। পার্থর মা-বাবা, ছোট ভাই-বোন সবাই খুবই মিশুক। মূলত দুটি উল্টো চরিত্রে মানুষকে মুখ্য করে তৈরি হলো ঈদের বিশেষ নাটক ‘জখম’। এটির চিত্রনাট্য লিখে নির্মাণ করেছেন ইমরাউল রাফাত। সদ্য শুটিং হওয়া এই নাটকের দৃষ্টিনন্দন সিনেমাটোগ্রাফিতে ছিলেন কামরুল ইসলাম শুভ। আর এতে প্রধান দুই চরিত্র, অর্থাৎ রাইসা চরিত্রে অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী এবং পার্থ চরিত্রে তৌসিফ মাহবুব। ‘জখম’-এর গল্প প্রসঙ্গে ইমরাউল রাফাত বলেন, ‘এটা মূলত প্রতিশোধের গল্প। যদিও গল্পের পুরোটা জুড়ে থাকছে পারিবারিক বন্ধন, প্রেম, বিয়ে, সংসার, সমাজ ও নিগ্রহের চিত্র। এটা আসলে ছোটপর্দার নির্মাণ হলেও ক্যানভাসটা বেশ বড়।’ প্রযোজক জানান, নাটকটি প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে প্রচার হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত