ব্যাংকার্স ক্লাবের সভাপতি রাশেদ সম্পাদক রশীদ

আপডেট : ০১ মার্চ ২০২৬, ১২:৫১ এএম

ব্যাংকারদের সংগঠন ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশের (বিসিবিএল) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সর্বাধিক ভোটে মো. রাশেদ আকতার সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে রশীদ-উন-নবী নির্বাচিত হয়েছেন। আগামী দুই বছরের জন্য নির্বাচিত এ কার্যনির্বাহী কমিটি ব্যাংকার্স ক্লাবের নেতৃত্ব দেবেন। গতকাল শনিবার বিসিবিএলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জানা যায়, গত শুক্রবার ক্লাবের নির্বাচন হয়। নির্বাচনে বিভিন্ন পদে ব্যাংকার্স ঐক্য পরিষদ ও সর্বজনীন ব্যাংকার্স পরিষদ এই দুটি প্যানেলের ৪৬ প্রার্থী এবং একজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ ১৯টি পদে ব্যাংকার্স ঐক্য পরিষদ প্যানেল এবং সমাজসেবা সম্পাদকসহ তিনটি কার্যনির্বাহী সদস্য পদে সর্বজনীন ব্যাংকার পরিষদ প্যানেল বিজয়ী হয়।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সিনিয়র সহসভাপতি সুবীর কুমার কু-ু, সহসভাপতি মো. মোফাজ্জাল মামুন খান ও মো. শফিকুল ইসলাম ফকির পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খায়রুল হাসান, সাংগঠনিক সম্পাদক আমিন মো. মেহেদী হাসান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. সাইদুল ইসলাম পিন্টু, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম মাসুদ, ক্রীড়া সম্পাদক মো. মাহমুদুল হাসান রানা, সমাজসেবা সম্পাদক হাসিনা ফেরদৌস এবং সংস্কৃতি সম্পাদক কাজী আজিজুর রহমান।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ লুৎফুল হাবিব, এমএম সাইফুল ইসলাম, মো. মোস্তাফিজুর রহমান, আ ক ম রোকনুজ্জামান খন্দকার, শারমিন আক্তার, মো. শাহিন উদ্দিন, আবেদ-উর-রহমান, ফয়সাল আহমেদ, মোহাম্মদ হুমায়ুন কবীর এবং আজমেরী সুলতানা।

সর্বশেষ সর্বাধিক পঠিত