জার্মান বুন্দেসলিগায় ইতিহাস গড়ার পথে এগোচ্ছেন হ্যারি কেইন। শনিবার ক্লাসিকারে বায়ার্ন মিউনিখের ৩-২ গোলের জয়ে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে জোড়া গোল করে মৌসুমে নিজের লিগ গোলসংখ্যা নিয়ে গেছেন ৩০-এ। ২৪ ম্যাচে তিনি এই গোলগুলো করেছেন।
ম্যাচ শেষে কেইন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ২০২০-২১ মৌসুমে রবার্ট লেভানডোভস্কির গড়া এক মৌসুমে ৪১ গোলের রেকর্ড ভাঙাই এখন তার লক্ষ্য। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে ৩৭ ম্যাচে ইতিমধ্যে ৪৫ গোল করেছেন ৩২ বছর বয়সী এই স্ট্রাইকার—যা তাঁর ক্যারিয়ারের সেরা মৌসুম।
ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচটি ছিল উত্তেজনাপূর্ণ। কিন্তু বড় ম্যাচেও থামেননি কেইন। এটি টানা চতুর্থ ম্যাচ, যেখানে তিনি অন্তত দুটি গোল করেছেন। শনিবার একটি পেনাল্টি গোল করে ১৯৮০-৮১ মৌসুমে পল ব্রাইটনারের গড়া এক মৌসুমে ১০টি সফল পেনাল্টির রেকর্ডেও ভাগ বসিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক।
রবার্ট লেভানডোভস্কি ২০২০-২১ মৌসুমে ৪১ গোল করে গের্ড মুলারের দীর্ঘদিনের রেকর্ড ভেঙেছিলেন। সেই মৌসুমে ২৪ ম্যাচ শেষে তার গোল ছিল ৩১টি—কেইনের চেয়ে একটি বেশি।
তবে মৌসুমে এখনও ১০ ম্যাচ বাকি। তাই আশাবাদী কেইন, “অনেক ম্যাচ বাকি। ধারাবাহিকতা ধরে রাখতে হবে। এপ্রিলের শেষ বা মে মাসের শুরুতে বোঝা যাবে, রেকর্ডটা সম্ভব কি না।”
এই জয়ে বায়ার্ন মিউনিখ শীর্ষে থেকে ডর্টমুন্ডের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে। তবে কেইনের সতর্ক বার্তা, “কয়েক সপ্তাহ আগেও আমরা ১১ পয়েন্টে এগিয়ে ছিলাম, কিন্তু দুই ম্যাচেই পরিস্থিতি বদলে যেতে পারে। তাই মনোযোগ ধরে রাখতে হবে।”
