চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ এলাকায় নৃশংস হামলার ঘটনায় হাফিজুর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আজ রবিবার (১ মার্চ) এক বিবৃতিতে তিনি এই নিন্দা জানান।
বিবৃতিতে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, গত ২৮ ফেব্রুয়ারি জীবননগরে ইফতারের পর সন্ত্রাসী হামলায় জামায়াত কর্মী হাফিজুর রহমান নৃশংসভাবে প্রাণ হারান। এ সময় আরও বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। রাজনৈতিক প্রতিহিংসা থেকে সংঘটিত এ ধরনের বর্বর হামলা কোনোভাবেই সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়।
তিনি আরও উল্লেখ করেন যে, রাজনৈতিক মতপার্থক্য বা সামাজিক বিরোধ কোনোভাবেই সহিংসতা ও প্রাণহানির কারণ হতে পারে না। রাজনৈতিক মতভেদকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে নিরস্ত্র মানুষের ওপর হামলা চালানো মানবাধিকার ও আইনের শাসনের ওপর সরাসরি আঘাত। এ ধরনের ঘটনা বিচারহীনতার সংস্কৃতিকে উসকে দেয়।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত দোষীদের শনাক্ত ও গ্রেপ্তার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। তিনি সতর্ক করে বলেন, অপরাধীদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, অন্যথায় ন্যায়বিচারের প্রত্যাশা ক্ষুণ্ন হবে এবং এর দায়ভার রাষ্ট্রকেই বহন করতে হবে।
সবশেষে বিবৃতিতে তিনি নিহত হাফিজুর রহমানের রূহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনা করেন।
নরসিংদীতে ধর্ষণ মামলার আসামিদের ৮ দিনের রিমান্ড মঞ্জুর