ময়মনসিংহে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

আপডেট : ০১ মার্চ ২০২৬, ০২:৩০ পিএম

ময়মনসিংহে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে কাজল চক্রবর্তী নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরীর নাটকঘর লেন এলাকা থেকে তাকে শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কাজল চক্রবর্তী (৬৫) ওই এলাকার মৃত হরিদাস চক্রবর্তীর ছেলে। 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব জানান, গত ১০ ফেব্রুয়ারি বিকেলে কাজল চক্রবর্তী শিশুটিকে ফুসলিয়ে তার ঘরে নিয়ে যান। ঘরে কেউ না থাকার সুযোগে তিনি শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। ঘটনার পর শিশুটি কান্নাকাটি করে বাড়ি ফিরলে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। তবে অভিযুক্ত কাজল ও তার পরিবারের সদস্যরা ঘটনাটি অস্বীকার করে উল্টো শিশুটির পরিবারকে ভয়ভীতি ও হুমকি দেন।

ঘটনার পর থেকে শিশুটি অসুস্থবোধ করতে থাকেন। শনিবার সকালে শিশুটির অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে ধর্ষণের আলামত পাওয়ার কথা জানান। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ওসি জানান, খবর পেয়ে অভিযান চালিয়ে রাতে কাজল চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত