ইরানকে রুখতে যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল ব্রিটেন

আপডেট : ০২ মার্চ ২০২৬, ০৮:১৮ এএম

মধ্যপ্রাচ্যে ইরানের ক্রমবর্ধমান মিসাইল হামলার হুমকি মোকাবিলায় বড় ধরনের কৌশলগত পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য। ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিষ্ক্রিয় করতে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের জন্য মার্কিন বাহিনীকে অনুমতি দিয়েছে দেশটি। সোমবার (২ মার্চ) এক বিশেষ ভিডিও বার্তায় এই সিদ্ধান্তের কথা জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার।

প্রধানমন্ত্রী স্টারমার স্পষ্ট জানিয়েছেন, যুক্তরাজ্য এই যুদ্ধে সরাসরি বা প্রত্যক্ষভাবে অংশ নেবে না। তবে মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর নিরাপত্তা এবং ব্রিটিশ স্বার্থ রক্ষায় তারা পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রের এই অভিযানে সহযোগিতা করবে। তিনি জানান, বর্তমানে ব্রিটিশ যুদ্ধবিমানগুলো আকাশপথে যৌথ প্রতিরক্ষা অভিযানে সক্রিয় রয়েছে এবং তারা সফলভাবে ইরানের ছোড়া বেশ কিছু হামলা রুখে দিয়েছে।

নিজের বক্তব্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যের বন্ধু রাষ্ট্রগুলো তাদের সুরক্ষায় যুক্তরাজ্যের আরও জোরালো ভূমিকার জন্য অনুরোধ জানিয়েছে। তিনি মনে করেন, কেবল হামলা ঠেকিয়ে এই সমস্যার সমাধান সম্ভব নয়। বরং যে উৎস থেকে মিসাইলগুলো ছোড়া হয় বা যেখানে এগুলো মজুত রাখা হয়, সেই উৎক্ষেপণ কেন্দ্র বা লঞ্চারগুলো ধ্বংস করাই হলো এই হুমকি পুরোপুরি বন্ধ করার একমাত্র পথ।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নির্দিষ্ট এবং সীমিত প্রতিরক্ষা স্বার্থে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুরোধ জানানো হয়েছিল। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে যুক্তরাজ্য সরকার সেই অনুরোধে সম্মতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। স্টারমার বলেন, "আমাদের মূল উদ্দেশ্য হলো ইরানকে থামানো, যাতে তারা নিরীহ মানুষকে লক্ষ্য করে মিসাইল ছুড়তে না পারে এবং এই সংঘাতের বাইরে থাকা দেশগুলো যেন আক্রান্ত না হয়।"

এই পদক্ষেপের মাধ্যমে ব্রিটিশ সরকার মূলত আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা এবং ব্রিটিশ নাগরিকদের জীবন ঝুঁকিমুক্ত রাখার লক্ষ্য নির্ধারণ করেছে। বিশ্লেষকরা মনে করছেন, সরাসরি যুদ্ধে না জড়িয়েও মিত্রদের পাশে দাঁড়ানোর এই কৌশল মধ্যপ্রাচ্যের বর্তমান সংকটময় পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সূত্র: বিবিসি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত