ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম ফিলিস্তিন, ইরানসহ বিশ্বব্যাপী মুসলিমদের ওপর চলমান হামলার তীব্র নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি ঢাকা থেকে মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ আজাদী আন্দোলনের ডাক দিয়েছেন।
বক্তব্যের শুরুতেই আবু সাদিক কায়েম বলেন, ‘সারাবিশ্বব্যাপী মুসলমানদের ওপর জুলুম ও নির্যাতনের মূল কারণ হলো আমাদের মধ্যকার বিভাজন।’ তিনি রাসূল (সা.)-এর হাদিস স্মরণ করিয়ে দিয়ে বলেন, মুসলিম উম্মাহ একটি দেহের মতো। দেহের এক স্থানে আঘাত লাগলে যেমন পুরো শরীর ব্যথিত হয়, বিশ্বের যেকোনো প্রান্তে একজন মুসলিম শহীদ হলে প্রতিটি মুসলমানের হৃদয়ে তা অনুভূত হওয়া উচিত। কুরআন ও সুন্নাহর এই আদর্শ থেকে দূরে সরে যাওয়ার কারণেই আজ মুসলিম বিশ্ব নির্যাতিত হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
ভিপি কায়েম ঢাকাকে কেন্দ্র করে একটি নতুন স্বপ্ন ব্যক্ত করে বলেন, বাংলাদেশ থেকে আমরা এই ঢাকাকে বিশ্বের ‘সলিডারিটি হাব’ বা সংহতির কেন্দ্রে রূপান্তর করবো ইনশাআল্লাহ। এই ঢাকা থেকেই মুসলিম বিশ্বের আজাদী আন্দোলনের নেতৃত্ব দেওয়া হবে।
তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই নেতৃত্বের মাধ্যমেই আগামীতে ফিলিস্তিন, কাশ্মীর, উইঘুর এবং রাখাইনের মজলুম মানুষ মুক্তি পাবে।
আলোচনার আড়ালে হামলা চালানোর নীতিকে ‘কাপুরুষোচিত’ আখ্যা দিয়ে তিনি বলেন, গত বছরের জুন মাস থেকে শুরু করে সাম্প্রতিক সময় পর্যন্ত দেখা গেছে, যখনই কূটনৈতিক সমাধানের কথা বলা হয়েছে, ঠিক তখনই ইসরায়েলি ও মার্কিন বাহিনী নিরীহ মানুষের ওপর হামলা চালিয়ে শত শত মানুষকে শহীদ করেছে। গাজাকে বর্তমান বিশ্বের এক উন্মুক্ত কারাগার হিসেবে অভিহিত করেন তিনি।
ইসমাইল হানিয়া, ইয়াহিয়া সিনওয়ার এবং ইমাম খামেনির (ইরানের নেতা) শাহাদাতের কথা উল্লেখ করে তিনি বলেন, সাম্রাজ্যবাদীরা ভেবেছিল নেতাদের হত্যা করে তাদের আদর্শ থামিয়ে দেওয়া যাবে। কিন্তু আজ বিশ্বের প্রতিটি যুবক একেকজন সিনওয়ার ও হানিয়া হয়ে উঠতে চায়।
বক্তব্যের শেষে তিনি মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধান এবং যুব সমাজকে সতর্ক করে বলেন, আজ যদি আমরা ঐক্যবদ্ধ না হই, তবে ইরান ও ফিলিস্তিনের মতো পর্যায়ক্রমে প্রতিটি মুসলিম দেশ হামলার শিকার হবে।
তিনি সাম্রাজ্যবাদ ও জায়োনিজমের বিরুদ্ধে ঘরে ঘরে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
খামেনি হত্যার প্রতিশোধ নিতে হিজবুল্লাহর হামলার পর উত্তাল লেবানন