যুক্তরাষ্ট্র ও ইসরাইল কর্তৃক ইরানে সামরিক অভিযান শুরুর পর প্রথমবারের মতো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আসছেন ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। আজ সোমবার (২ মার্চ) স্থানীয় সময় সকাল ৮টায় পেন্টাগনে এই গুরুত্বপূর্ণ ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় (পেন্টাগন) জানিয়েছে, বর্তমান প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এই সংবাদ সম্মেলনে নেতৃত্ব দেবেন। তার সাথে উপস্থিত থাকবেন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জন কেইন। গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানে শুরু হওয়া সামরিক অভিযানের আদ্যোপান্ত এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে তারা বিস্তারিত তথ্য তুলে ধরবেন।
পেন্টাগন এই অভিযানের সাংকেতিক নাম দিয়েছে ‘অপারেশন এপিক ফিউরি’। শনিবার থেকে শুরু হওয়া এই হামলায় দুই দেশের সামরিক সক্ষমতা এবং লক্ষ্যবস্তুগুলো নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে। আজকের সংবাদ সম্মেলনে এই অভিযানের ফলাফল এবং পরবর্তী পদক্ষেপ সম্পর্কে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অভিযান শুরুর পর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকবার গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন এবং দুটি ভিডিও বার্তার মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। তবে এখন পর্যন্ত তিনি সরাসরি কোনো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেননি। ফলে প্রতিরক্ষামন্ত্রীর এই ব্রিফিংটিই হতে যাচ্ছে প্রশাসনের পক্ষ থেকে প্রথম কোনো সরাসরি প্রাতিষ্ঠানিক প্রশ্নোত্তর পর্ব।
রণক্ষেত্রে পরিণত হয়েছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পথ হরমুজ প্রণালি