জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন এক অসহায় শিক্ষার্থীকে অনার্সে ভর্তি করিয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। সম্প্রতি আর্থিক সংকটে উচ্চশিক্ষা নিয়ে অনিশ্চয়তায় পড়া ওই শিক্ষার্থীর পাশে দাঁড়িয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করেন তিনি।
সংশ্লিষ্টরা জানায়, দরিদ্র পরিবারের সন্তান ওই শিক্ষার্থী মেধা তালিকায় স্থান পেলেও ভর্তি ফি ও প্রয়োজনীয় খরচ জোগাড় করতে ব্যর্থ হওয়া ভর্তি অনিশ্চিত হয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে শাহরিয়ার ব্যক্তি উদ্যোগে অর্থসহায়তা করেন এবং প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ থেকে শুরু করে বিভাগে যোগাযোগ-সবকিছু তদারকি করেন। তার সহযোগিতায় শিক্ষার্থীর অনার্সে ভর্তি নিশ্চিত হয়।
এ বিষয়ে জবি শাখা ছাত্রদলের ৩নম্বর যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন বলেন, শিক্ষা একটি মৌলিক অধিকার। অর্থাভাবে যেন কোনো মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন থেমে না যায়, সেটিই আমাদের লক্ষ্য। রাজনীতি যদি মানুষের কল্যাণে কাজে না আসে, তাহলে সেই রাজনীতির মূল্য নেই। আমরা চাই ক্যাম্পাসে এমন একটি সংস্কৃতি গড়ে উঠুক, যেখানে শিক্ষার্থীরা একে অপরের শক্তি হবে, ভরসা হবে।
ভর্তি হওয়া শিক্ষার্থী কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "আর্থিক সংকটের কারণে ভর্তি হতে পারছিলাম না। তখন বিশ্ববিদ্যালয়ের ফেইসবুক পেইজ ‘জবিয়ানস’ এ বলি। তখন তারা আমার লিখা পোস্ট করে এবং এর প্রেক্ষিতে শাহরিয়ার ভাই আমার সঙ্গে যোগাযোগ করে। এর পর অনলাইন ভর্তি ফি থেকে শুরু করে সরাসরি ভর্তি হওয়া সব কার্যক্রম করে দিয়েছেন শাহরিয়ার ভাই।
প্রতি বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জেলা থেকে মেধাবী শিক্ষার্থীরা ভর্তি হন। তবে আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেকের উচ্চশিক্ষার পথ বাধাগ্রস্ত হয়। রাজনৈতিক পরিচয়ের বাইরে এসে একজন অসহায় শিক্ষার্থীর পাশে দাঁড়ানো ইতিবাচক বার্তা বহন করে। এমন প্রেক্ষাপটে শাহরিয়ারের এ উদ্যোগ ক্যাম্পাসে প্রশংসিত হয়।
