একুশে পদকপ্রাপ্ত জাহানারা আরজু মারা গেছেন

আপডেট : ০২ মার্চ ২০২৬, ১০:০৯ পিএম

একুশে পদকপ্রাপ্ত প্রথিতযশা কবি, সাহিত্য সম্পাদক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাহানারা আরজু আর নেই। আজ সোমবার দুপুর দেড়টায় গুলশানের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তিনি। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। 

মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জাহানার আরজু সুপ্রীম  কোর্টের আপীল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোঃ আশফাকুল ইসলামের মা। জাহানারা আরজুর স্বামী মরহুম এ কে এম নুরুল ইসলাম ছিলেন বাংলাদেশের উপ-রাষ্ট্রপতি, আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী, পাকিস্তান আমলে ঢাকা হাইকোর্টের বিচারপতি এবং সাবেক প্রধান নির্বাচন কমিশনার। 
 
১৯৩২ সালের ১৭ নভেম্বর জন্মগ্রহণ করেন জাহানার আরজু। তিনি বাংলা সাহিত্য ও সংস্কৃতির অঙ্গনে দীর্ঘকাল নিষ্ঠা, প্রজ্ঞা ও সৃজনশীলতার স্বাক্ষর রেখে গেছেন। বাংলা সাহিত্যচর্চা ও সম্পাদনা জগতে তাঁর অবদান বিশেষভাবে স্মরণীয়। তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম মহিলা সাপ্তাহিক ‘সুলতানা’ পত্রিকার প্রতিষ্ঠাকালীন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। 

তাঁর  সাহিত্য সাধনার সূচনা হয় ১৯৪৫ সালে। ‘আজাদ’ পত্রিকার ‘মুকুলের মাহফিল’-এ তাঁর প্রথম কবিতা প্রকাশিত হয়। পরবর্তীকালে ‘সওগাত’, ‘মোহাম্মদী’, ‘বেগম’, ‘মিল্লাত’ ও ‘ইত্তেহাদ’সহ বিভিন্ন সাময়িকীতে তাঁর কবিতা ও রচনা নিয়মিত প্রকাশিত হতে থাকে। বাংলা সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৮৭ সালে একুশে পদক লাভ করেন জাহানার আরজু। সাহিত্যসাধনার স্বীকৃতিস্বরূপ তিনি সর্বমোট ২৬টি সাহিত্য পুরস্কার লাভ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত