গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, সংরক্ষণ ও পরিবেশনের দায়ে দুটি খাবার হোটেল কর্তৃপক্ষকে ১৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে টুঙ্গিপাড়া বাসস্ট্যান্ডসংলগ্ন হাসপাতালের সামনে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. দিদারুল আলম।
এই অভিযানে মায়ের দোয়া বিরিয়ানি হাউজ রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস এবং হাচিব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫২ ধারায় ৭ হাজার টাকা করে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানার অর্থ পরিশোধ করেন প্রতিষ্ঠান দুটির ব্যবস্থাপনা পরিচালক মো. তুহিন বিশ্বাস ও মো. হাচিব বিশ্বাস। এ সময় তারা ভবিষ্যতে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনার অঙ্গীকার করেন।
অভিযানকালে খাবার তৈরির স্থান, খাদ্য সংরক্ষণ ও পরিবেশনের ক্ষেত্রে পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে হোটেল মালিকদের সতর্ক করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।