এই ঈদে

আপডেট : ০৩ মার্চ ২০২৬, ১২:৪৫ এএম

অনেক দিন পর মোশাররফ করিম

এবারের রোজার ঈদ ঘিরে নির্মাতা সাগর জাহানের দুটি নাটকে অভিনয় করছেন অভিনেতা মোশাররফ করিম। ‘সদা সত্য বলিব’ ও ‘আদু ভাই’ শিরোনামের নাটক দুটিতে মোশাররফের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী আইশা খান। এটি রচনা করেছেন আশরাফুল চঞ্চল। এতে এক সহজ-সরল মানুষের সঙ্গে প্রেমের গল্প তুলে ধরা হয়েছে। নাটকটি ঈদে প্রচার হবে এনটিভির পর্দায়। অন্যদিকে ‘আদু ভাই’ নাটকটিও নির্মিত হচ্ছে হাস্যরসাত্মক গল্পে। এটি রচনা করেছেন অর্ক মোস্তফা। নাটকটি ঈদে একটি বেসরকারি একটি টেলিভিশন স্টেশনে প্রচারের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নির্মাতা সাগর। নাটক দুটি নিয়ে মোশাররফ করিম বলেন, অনেক দিন পর সাগর জাহানের সঙ্গে কাজ করছি। পুরনো স্মৃতিগুলো ফিরে আসছে। কাজ করে ভালো লাগছে। পরিচালকের মুখ দেখে মনে হয়েছে তিনি সন্তুষ্ট, আমিও তৃপ্ত। নাটকগুলো প্রচারে এলে দর্শকেরও পছন্দ হবে। এর আগে, সাগর জাহানের পরিচালনায় ‘সিকান্দার বক্স’, ‘অ্যাভারেজ আসলাম’, ‘মাহিন’, ‘তালমিছরি না হাওয়াই মিঠাই’, ‘মিলব্যারাক কল্যাণ সমিতি’, ‘ফ্যাটম্যান’, ‘কবুল বলিল কে’সহ একাধিক জনপ্রিয় নাটকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন মোশাররফ করিম।

আগুনের সঙ্গে শম্পা দেওয়ান

ঈদুল ফিতরকে সামনে রেখে প্রকাশিত হয়েছে মিউজিক ভিডিও ‘বন্ধু তোমায় একটি কথা বলতে চাই’। গানটিতে কণ্ঠ দিয়েছেন দেশের নন্দিত সংগীতশিল্পী আগুন ও ড. শম্পা দেওয়ান। আর্টবক্স মিউজিকের প্রযোজনায় গানটি শম্পা দেওয়ানের চলমান ৫০টি গানের ভিডিও প্রজেক্টের দ্বিতীয় গান। এর কথা, সুর ও সংগীতায়োজন করেছেন সংগীতশিল্পী আগুন। গানটিতে মডেল হয়েছেন রোকন খান ও ফাইজা ইসলাম। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন। একসময় নিয়মিত গানে সরব থাকলেও এখন উৎসবনির্ভর গানে পাওয়া যায় শ্রোতাপ্রিয় গায়ক আগুনকে। তারই ধারাবাহিকতায় ‘বন্ধু তোমায় একটি কথা বলতে চাই’ গানে কণ্ঠ দিয়েছেন তিনি।

গানটি নিয়ে আগুন বলেন, ‘সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে গানটি তৈরি করেছি। ঈদে শ্রোতাদের জন্য এটি আমার বিশেষ উপহার। শম্পা দেওয়ানের কণ্ঠে গানটি নতুন মাত্রা পেয়েছে।’ শম্পা দেওয়ান বলেন, ‘গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন আমার অত্যন্ত প্রিয় শিল্পী আগুন। তিনি অসাধারণ নিষ্ঠা, মমতা ও যতœ দিয়ে গানটি নির্মাণ করেছেন। গানটির প্রতিটি লাইনে রয়েছে আবেগ ও হৃদয়ের গভীর অনুভূতি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত