স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস হিসেবে অনেকেই চিনির বিকল্প বেছে নেন। কেউ গুড় বা মধু খান বিকল্প হিসেবে। কেউ ডেজার্ট তৈরি করেন খেজুর দিয়ে। উদ্দেশ্য ওয়েট লস হোক সুগার কন্ট্রোল, ডায়েট থেকে সবার আগে বাদ যায় চিনি। শুধু তা-ই নয়, ফিট থাকতে চিনির সঙ্গে সম্পর্ক ছেদ করছেন বহু মানুষ। কিন্তু স্বাদের সঙ্গে সবসময়ে আপস করা যায় না। খাবারের স্বাদ ব্যালান্স করে লবণ-চিনিই। কিন্তু কোনটা বেশি স্বাস্থ্যকর, তা জানা বেশি দরকার। গুড় না খেজুর, কোনটা খেলে উপকার পাবেন জেনে নিন।
ডায়াবেটিস না থাকলে, খেজুর বা গুড়, দুটোই নিশ্চিন্তে খাওয়া যায়। রান্নায় চিনির বদলে গুড় ব্যবহার করতে পারেন। ওজন কমাতে চাইলে চিনির বদলে গুড় খাওয়া যায়। আর যারা ডায়েট মেনে, পরিমাপ বুঝে খাবার খান, তারা খেজুর রাখতে পারেন।
খেজুর হলো শুকনো ফল। স্বাভাবিক ভাবেই গুড়ের চেয়ে বেশি পুষ্টি রয়েছে খেজুরে। ভিটামিন বি৬, কে, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম এবং ফাইবার রয়েছে। এ ছাড়াও অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ। খেজুর শুধু যে ওজন কমায়, তা নয়। শরীরে কাজ করার পুষ্টি জোগায় এবং একাধিক শারীরিক সমস্যা প্রতিরোধ করে। ব্যালান্স ডায়েট মেনে চললে এবং পরিমাপ বুঝে খাবার খেলে গুড় ও খেজুর দুটোই খাওয়া যায়।
ওজন নিয়ন্ত্রণে রাখতে দিনে এক থেকে দেড় চামচ গুড় খেতে পারেন। এর চেয়ে বেশি গুড় খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার ভয় থাকে। তা ছাড়া ক্যালোরিও বেশি প্রবেশ করবে। যাদের রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম, তাদের জন্য গুড় খুব উপযোগী। এই উপাদান আয়রনে ভরপুর। স্ন্যাকস হিসেবে খেজুর খেতে পারেন। খিদের মুখে দুটো খেজুর খেলেই পেট ভরে যাবে। ওজন কমাতে চাইলে সকালবেলা দুটো খেজুর খাওয়াই যথেষ্ট। ওয়ার্ক আউটের পরে খেজুর খেলে সবচেয়ে ভালো উপকার মেলে।
