ইসরায়েলি বিমান বাহিনী মঙ্গলবার (৩ মার্চ) ভোরে ইরানের রাজধানী তেহরান এবং লেবাননের বৈরুতে একযোগে শক্তিশালী বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ইসরায়েলি বিমান বাহিনী জানিয়েছে, তাদের এই অভিযান মূলত ইরান সরকার এবং ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ‘সামরিক লক্ষ্যবস্তু’ গুলো লক্ষ্য করে চালানো হয়েছে। আইডিএফ’র দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র (লঞ্চার) এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে, যা এর আগে ইসরায়েলি যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তু বানাতে ব্যবহৃত হয়েছিল।
ইসরায়েলি সামরিক বাহিনী আরও সতর্ক করে দিয়েছে যে, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র সচল করার যেকোনো প্রচেষ্টা তারা নস্যাৎ করে দেবে। এছাড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং লাইভ ফায়ার অ্যারে সাইটগুলোতে তাদের হামলা অব্যাহত থাকবে।
ইসরায়েলি হামলার কয়েক ঘণ্টা আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে জানায়, মার্কিন বাহিনী ইরানের ‘ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর’ (আইআরজিসি)-এর কমান্ড ও কন্ট্রোল সেন্টারগুলো ধ্বংস করে দিয়েছে। এছাড়া ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং সামরিক বিমানবন্দরেও মার্কিন বাহিনী হামলা চালিয়েছে।
এদিকে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। গত রাতে পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর ওপর ইরান ড্রোন ও আকাশপথে হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।
পুরো অঞ্চলে বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে এবং বড় ধরনের যুদ্ধের শঙ্কা তৈরি হয়েছে।
সূত্র: সিএনএন
ইরানের হামলায় বাহরাইনে মার্কিন বিমান ঘাঁটি ধ্বংস