বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে নারী শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ইফতারে বিভিন্ন হলের হাজারের অধিক নারী শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত অংশ নেন। তবে ইফতার সংকট হওয়ায় অনেক শিক্ষার্থী তাদের ইফতার না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হল প্রাঙ্গণে সোমবার (২ মার্চ) শাখা ছাত্রদলের উদ্যোগে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের ২০২১-২২ সেশনের আবাসিক শিক্ষার্থী প্রেমা বলেন, এত বাজে মিস ম্যানেজমেন্ট আমি কোথাও দেখিনি। আমি যে এখন ইফতার করতেছি তাও ছাত্রদলের পক্ষ থেকে না, শামসুন্নাহার হল থেকে আমি কিনে এনেছি। তারা ম্যানেজমেন্ট করতে পারে না ঠিকভাবে তারা কেন এত বড় আয়োজন করবে? তারা ১৫০০ জনকে খাবার দেয়ার কথা বলেছি কিন্তু আমি এখনও ১৫০০ জনকে পাইনি এই খাবারগুলো কোথায় গেল। আজান হয়ে যাওয়ার পরে আমরা পানি পাইনি অন্তত তারা পানিটাও দিতে পারতো। এত লাইটিং না করে খাবারেরই খরচ করতে পারত।”
শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন দুঃখ প্রকাশ করে বলেন, প্রত্যাশার তুলনায় অধিক উপস্থিতির কারণে যদি কেউ ইফতার থেকে বঞ্চিত হয়ে থাকেন, সে জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
শেষ মুহূর্তে নারী শিক্ষার্থীরা ইফতার না পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জালাল সিদ্দিকী। ফেসবুকে তিনি লিখেন, নারী শিক্ষার্থীদের নিয়ে চবি ছাত্রদলের ইফতারে শিক্ষার্থী বোনদের অভূতপূর্ব সাড়া ও আগ্রহ দেখে আমাদের অনুপ্রাণিত করেছে। সম্প্রীতি ও সৌহার্দ্যের আশাজাগানিয়া সঞ্চার দেখে আমাদেরকে আরও বেশি উৎসাহিত করেছে। পাশাপাশি আজকের আয়োজনে প্রত্যাশার চেয়ে বেশি উপস্থিতির কারণে আমরা সবার চাহিদা পূরণ করতে পারিনি এর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
তিনি লিখেন, আপনাদের অভূতপূর্ব সাড়া ও আগ্রহের নিমিত্তে আমরা আগামী ৪/৫ মার্চ বৃহত্তর আঙ্গিকে সবাইকে নিয়ে ইফতারের আয়োজন করব ইনশাআল্লাহ।
