আমি ডেটা বিশ্বাস করি না; কখনো দেখি না: গম্ভীর

আপডেট : ০৩ মার্চ ২০২৬, ০৬:২৬ পিএম

ভারতের কোচ গৌতম গম্ভীরের সমালোচনা নতুন কিছু নয়। চলতি বিশ্বকাপে ভারত সেমিফাইনালে উঠলেও তার কোচিং নিয়ে সমালোচনা চলছেই। সমালোচকদের সবচেয়ে বড় আপত্তি একাদশ নির্বাচন নিয়ে। এমনকী ভারত বিশ্বকাপ না জিতলে তার চাকরি চলে যাওয়ার কথাও বলছেন কেউ কেউ। এমন সময় সরাসরি না হলেও বিষয়গুলো নিয়ে মুখ খুললেন গৌতম গম্ভীর।

সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজকে রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়ে ভারত সেমিফাইনালে উঠেছে। সঞ্জু স্যামসনের ৫০ বলে অপরাজিত ৯৭ রানের পাশাপাশি শিবম দুবের দুই ছক্কা ব্যাপক আলোচনায়। তাই সঞ্জুর পাশাপাশি শিবমের অবদানও স্মরণ করা উচিত বলে মনে করেন গম্ভীর, ‘ক্রিকেট একটি দলগত খেলা, এবং প্রত্যেকের অবদানই গুরুত্বপূর্ণ। আমার কাছে শিভমের ওই দুইটি বাউন্ডারি স্যামসনের ৯৭ রানের সমান গুরুত্বপূর্ণ। বড় অবদান যদি হেডলাইন হয়, তাহলে দলের জয়ে অবদান রাখা ছোট অবদানও আলোচনায় আসা উচিত।’

নিজের কোচিং দর্শন নিয়ে গম্ভীর জানিয়েছেন যে, তিনি ডেটার উপর বিশ্বাস করেন না, বরং খেলোয়াড়ের পারফর্ম্যান্সই গুরুত্বপূর্ণ। তার ভাষায়, ‘আমি ডেটা বিশ্বাস করি না, আমি কখনও ডেটা দেখিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে ডেটা সঠিক তথ্য দেয় না। আমার মতে, এটি পুরোপুরি অন্তর্দৃষ্টি এবং স্বাভাবিক অনুভূতির উপর নির্ভরশীল। আমাদের বিশ্বমানের সব খেলোয়াড় আছে। আমরা তাদের যেকোনো সময় ব্যবহার করতে পারি।’

ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচের বিষয়ে ভারতের প্রধান কোচ বলেন, ‘তারা একটি বিশ্বমানের দল, অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। সেইসঙ্গে ওয়াংখেড়ে স্টেডিয়াম কঠিন ভেন্যু। আশা করি আমরা ভালো খেলব, দলের এবং দেশের জন্য বিশেষ কিছু করার সুযোগ পাব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত