রমজান ও ঈদকে ঘিরে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে সিরাজগঞ্জের ব্যস্ততম মহাসড়কে বিশেষ এস্কট সেবা চালু করেছে সিরাজগঞ্জ জেলা পুলিশ। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত জেলার সীমান্ত পারাপারে এই ব্যবস্থা করা হয়।
মঙ্গলবার (৩ মার্চ) সিরাজগঞ্জ পুলিশের এক বিজ্ঞপ্তিতে বিশেষ ‘এস্কট’ সেবার বিষয়ে জানানো হয়।
এতে বলা হয়, ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়ক হিসেবে পরিচিত যমুনা সেতু পশ্চিম মহাসড়কে যানজট নিরসন, ডাকাতি প্রতিরোধ ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সিরাজগঞ্জ জেলা পুলিশ জানায়, ঈদকে সামনে রেখে মহাসড়কে নিরাপত্তা জোরদার এবং মূল্যবান পণ্য পরিবহনে যে কোনো ধরনের ঝুঁকি এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এই কার্যক্রম চালু হওয়ায় মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল জোরদার করা হয়েছে। ইতোমধ্যে মহাসড়কের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। পাশাপাশি দুর্ঘটনা রোধে অতিরিক্ত গতির বিরুদ্ধে কঠোর নজরদারি চালানো হচ্ছে।
এ বিষয়ে সিরাজগঞ্জ পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন, ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। উত্তরের গুরুত্বপূর্ণ মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ সামাল দিতে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ এস্কর্ট টিম মোতায়েন করা হয়েছে।
পুলিশ সুপার বলেন, রাতের বেলায় দূরপাল্লার বাস ও পণ্যবাহী যানবাহনকে নির্দিষ্ট পয়েন্ট থেকে এস্কর্ট দিয়ে গন্তব্যে পাঠানো হচ্ছে। যাতে করে অপরাধ, ছিনতাই বা দুর্ঘটনা এড়ানো যায়। পাশাপাশি মহাসড়কে অতিরিক্ত গতির বিরুদ্ধে অভিযান এবং সন্দেহভাজন যানবাহনে তল্লাশি কার্যক্রমও জোরদার করা হয়েছে। নিরাপদ ঈদ যাত্রা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে কাজ করছে। সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।
প্রয়োজনে জনস্বার্থে জেলার এস্কর্ট সেবায় নিয়োজিত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা যাবে।
যোগাযোগের জন্য যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোবাইল নম্বর ০১৩২০১২৯৮২৪ এবং ডিউটি অফিসারের মোবাইল নম্বর ০১৩২০১২৯৮২৯। একই সঙ্গে সিরাজগঞ্জ জেলা পুলিশ কন্ট্রোলরুমের মোবাইল নম্বরেও ০১৩২০১৩০৪৯৮ কল দিতে পারবেন যাত্রীরা।
