রেফারিকে কী বলেছিলেন ক্যারিয়ারের প্রথম লাল কার্ড দেখা মাস্তানতুয়োনো

আপডেট : ০৩ মার্চ ২০২৬, ০৪:১৬ পিএম

লা লিগার ম্যাচে রিয়াল মাদ্রিদের আর্জেন্টাইন তারকা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো লাল কার্ড দেখার আসল কারণ প্রকাশ করেছে রেফারিজ কমিটি। সোমবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে ১–০ গোলে জয় তুলে নেয় গেতাফে। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে লাল কার্ড দেখেন মাস্তানতুয়োনো।

ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা রেফারি আলেহান্দ্রো মুনিয়েস তার অফিসিয়াল রিপোর্টে ঘটনার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। প্রতিবেদন অনুযায়ী, ১৮ বছর বয়সী আর্জেন্টাইন মিডফিল্ডারকে রাফ ট্যাকলের জন্য নয়, বরং ম্যাচের শেষ মুহূর্তে আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে রেফারির দিকে চিৎকার করার কারণে মাঠ ছাড়তে হয়। ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়তে বলছেন রেফারি।

রেফারির রিপোর্টে লেখা হয়েছে, ‘খেলোয়াড় ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে বহিষ্কার করা হয়েছে কারণ তিনি আমাকে উদ্দেশ করে দুই বার চিৎকার করে বলেছেন, “ভায়া ভেরগুয়েনসা, ভায়া পুতা ভেরগুয়েনসা” (অর্থাৎ, কি লজ্জা! কী লজ্জাজনক!)।’

ম্যাচের শেষ দিকে একটি সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ থেকেই নিজের সংযম হারান এই তরুণ প্রতিভা। এর ফলে তিনি সরাসরি লাল কার্ড দেখেন। মাস্তানতুয়োনোর সামনে এক ম্যাচের নিষেধাজ্ঞা তো আছেই, পাশাপাশি ম্যাচ কর্মকর্তাকে অপমান করার অভিযোগে শৃঙ্খলা কমিটির অতিরিক্ত শাস্তির মুখেও পড়তে পারেন।

উল্লেখযোগ্য বিষয় হলো, এটি ছিল মাস্তানতুয়োনোর পেশাদার ক্যারিয়ারের প্রথম লাল কার্ড। অন্যদিকে, রিয়াল বনাম গেতাফে ম্যাচের পর আরেক ঘটনায় আলোচনায় আসেন আলান নিয়ম ও ভিনিসিয়ুস জুনিয়র। আলান নিয়ম নাকি ব্রাজিল তারকা ভিনিসিয়ুসকে ব্যালন ডি’অর না পাওয়া নিয়ে খোঁচা দিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত